কোন ভুলে আশা জাগিয়েও মধুর কামব্যাক হল না? কারণ ব্যাখ্যা ভুবনেশ্বরের কোচের

তাঁর কামব্যাকের দিকে তাকিয়ে ছিলেন দেশের অগণিত ক্রিকেটভক্ত। কিন্তু চার বছর পর টিম ইন্ডিয়ার জার্সিতে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন খুব একটা সুখের হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৪৯ রান দেন ভুবি। কোনও উইকেট পাননি। কেন ব্যর্থ হলেন বর্ষীয়ান পেসার? তার কারণ ব্যাখ্যা করলেন আরসিবি’তে ভুবির কোচ দীনেশ কার্তিক।
ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে সবার নজর ছিল ভুবনেশ্বর কুমারের দিকে। চার বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে। অনেকেই মনে করছেন এই সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় পেসারের কাছে। যদি পারফরম্যান্স ভালো হয়, তাহলে হয়তো ফের নিয়মিত দলে চলে আসবেন। তাছাড়া নিউজিল্যান্ডের যা কন্ডিশন, সেটা ভুবনেশ্বরের কাছে বাড়তি সুবিধের। ওই কন্ডিশন পেসাররা বাড়তি সুইং পায়। ভারত জিতলেও ভুবির পারফরম্যান্স মন ভরাতে পারেনি। বরং নো বল করে আরও বিপদ বাড়িয়েছেন।
তা নিয়ে কার্তিক বলছেন, “ওই জোড়া নো বলই ওর ক্ষতি করেছে। ভুবি সাধারণত নো বল করে না। আমি জানি না, কেন এমন হল না। হয়তো কিছুটা মানসিক চাপে ভুগছিল। তাই ওর এক ম্যাচে দু’টো নো বল করা একটা ব্যতিক্রমী ঘটনা।” প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়েছিলেন। কিন্তু পরের দুই ওভারে যথাক্রমে ১৭ ও ১৪ রান দেন। তবে কার্তিক আত্মবিশ্বাসী ভুবনেশ্বর ফর্মে ফিরবেনই।
কার্তিকের কোচিংয়ে আরসিবি পরপর দু’বার আইপিএল জেতে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভুবনেশ্বরের। তাই ভুবিকে খুব ভালোমতোই চেনেন। কার্তিক বলছেন, “অনেকে ওর সমালোচনা করছেন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে এতদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। তাই এবারের মতো ছাড় দিন। ভুবিকে সচেতন থাকতে হবে, যেন বারবার নো বল না হয়। ও জানে, কত ভালো বল করতে পারে। সেরাটা যে দিতে পারেনি, সেটা ও ভালোমতো বুঝতে পারছে।”
শেয়ার
লিংক



