0%

Condom Packets and sarees Found In TMC Office Guest House

দুপুরের রোদ তখন চড়া! দীর্ঘদিনের তালাবন্দি তৃণমূলের বাঁকুড়া ইন্দাস ব্লক কার্যালয়ের সামনে জটলা বেঁধেছিলেন স্থানীয় বাসিন্দারা। কারও চোখে কৌতূহল, কারও মুখে ক্ষোভ। এর মধ্যেই কয়েকজন তৃণমূল কার্যালয়ের তালা ভেঙে ফেলেন। দরজা খুলতেই বাইরে ছড়িয়ে পড়ে দীর্ঘদিন বন্ধ ঘরে জমে থাকা স্যাঁতসেঁতে গন্ধ। আর তার পরেই একের পর এক ঘর থেকে সামনে আসে এমন কিছু দৃশ্য, যা ঘিরে মুহূর্তে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। প্রথমে নজরে আসে ঘরের এক কোণে স্তূপ করে রাখা একাধিক বস্তা। ধুলো জমে থাকা সেই বস্তাগুলি খুলতেই বেরিয়ে আসে নতুন শাড়ির প্যাকেট। উপস্থিত জনতার মধ্যে শুরু হয়ে যায় চাপা গুঞ্জন। কেউ মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করেন, কেউ আবার বিস্ময়ে তাকিয়ে থাকেন।

এর পর কার্যালয়ের ভিতরে থাকা অতিথিশালা অংশে ঢুকতেই আরও চাঞ্চল্যকর দাবি সামনে আসে। একটি কক্ষ থেকে উদ্ধার হয় বলে দাবি করা হয় বিপুল পরিমাণ কন্ডোমের প্যাকেট। খবর ছড়াতে সময় লাগেনি। কয়েক মিনিটের মধ্যেই কার্যালয়ের বারান্দা, উঠোন এবং সংলগ্ন রাস্তা কৌতূহলী মানুষের ভিড়ে ভরে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, যে ঘরগুলি এতদিন বন্ধ ছিল, সেখানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বিভিন্ন সামগ্রী। কেউ কেউ ঘরের ভিতরে উঁকি দিয়ে ছবি তুলছিলেন, আবার কেউ উদ্ধার হওয়া সামগ্রী গুনে দেখার চেষ্টা করছিলেন। চারদিকে তখন একটাই প্রশ্ন, একটি রাজনৈতিক দলের ব্লক কার্যালয়ে এত শাড়ি কেন? অতিথিশালায় ওই সামগ্রীই বা এল কী ভাবে? 

স্থানীয়দের একাংশের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই কার্যালয়টি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। দীর্ঘদিন দরজা বন্ধ থাকায় ভিতরে কী রয়েছে, তা নিয়ে এলাকায় নানা জল্পনা চলছিল। সোমবার সেই জল্পনাই যেন আচমকা বাস্তবের রূপ নেয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তৃণমূলের ব্লক নেতৃত্বের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ-সহ সংশ্লিষ্ট নেতৃত্বের ভূমিকা খতিয়ে দেখারও দাবি উঠেছে। ইন্দাসের রাজনীতিতে পরিচিত মুখ শেখ হামিদ। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা হামিদকে একসময় মুকুল রায়ের ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে পরিচিতি ছিল। ফলে তাঁর নেতৃত্বাধীন ব্লক কার্যালয়কে ঘিরে ওঠা এই বিতর্ক জেলা রাজনীতিতেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। স্থানীয় নেতৃত্বের দাবি, বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের বক্তব্য, তালা ভেঙে কার্যালয়ে ঢোকার পর নানা দাবি করা হচ্ছে, কিন্তু তার সত্যতা এখনও জানা যায়নি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker