Germany: পিছিয়ে গিয়েও জয়! নাটকীয় ম্যাচে আইভরি কোস্টকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপের নক-আউটে জার্মানি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে ২৩ তম ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) আসর। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকোর পর এবার ডেনিজ উন্ডেভের (Deniz Undev) জোড়া গোলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের নক-আউট পর্বের যোগ্যতা অর্জন করলো ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি (Germany)। ২০১৪ সালের বিজয়ীদের জন্য গত এক দশক ছিল দুঃস্বপ্নের মতো। ব্রাজিলে শিরোপা জয়ের পর ২০১৮ তে রাশিয়ায় এবং ২০২২ সালে কাতারে, দুটো বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল তারা। কিন্তু এবার ছবিটা বদলালো। নাটকীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ ফলে হারিয়ে ১২ বছর পর আবার বিশ্বকাপের নক-আউটে পা রাখল ডাই ম্যানশাফট।
আরও পড়ুন: ব্রাজিল জেতার পর আরও খুশির খবর পেলেন ভক্তরা, মাঠে ফিরছেন নেইমার! ৯০ মিনিট কি খেলবেন?
টরন্টো স্টেডিয়ামে ৪৩,০০০ সমর্থকের সামনে ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় জার্মানি। প্রথমার্ধে দাপট দেখালেও গোল আসছিল না। বরং ৩০ মিনিটে ধাক্কা খেল তারা। ১৯ বছরের ইয়ান দিয়োমান্দের কাট-ব্যাক থেকে ঠান্ডা মাথায় গোল করে আইভরি কোস্টকে এগিয়ে দেন অভিজ্ঞ তারকা ফ্রাঙ্ক কেসি। প্রথমার্ধে জার্মানির দুটো গোল ভিডিও অ্যাসিস্ট্যান্স রেফারির কাঁচিতে বাতিল হয়। ম্যাচের ২১ মিনিটে পাভলোভিচের গোল এবং ৩৮ মিনিটে কাই হাভার্টজের গোল বাতিল হয় বিল্ড আপের সময় ফাউলের কারণে।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আইভরি কোস্টকে চাপে ফেলতে ব্যর্থ হয় জার্মানরা। ৬০ মিনিটে কোচ জুলিয়ান নাগেলসম্যান একাদশে তিনটি পরিবর্তন করলেন। তিনি মাঠে আনেন নাদিয়েম আমিরি, জেমি লেভেলিং আর ডেনিজ উন্ডাভকে। আর এই পরিবর্তনগুলোই ম্যাচ ঘুরিয়ে দেয়। ম্যাচের ৬৮ মিনিটে আমিরির নিখুঁত ক্রস দুর্দান্ত ভলি মেরে জালে জড়িয়ে দেন উন্ডাভ। সমতায় ফেরে জার্মানি।
আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীন ভয়াবহ দুঃসংবাদ পেলেন লিও মেসি! আর্জেন্টিনার হয়ে কি মাঠে নামবেন?
৯০ মিনিটে বড় সুযোগ নষ্ট করেন আইভরি কোস্টের হয়ে পরিবর্ত হিসেবে নামা সিমোন আদিনগ্রা। তারপর ইনজুরি টাইমে ফেলিক্স নমেচার পাস পেয়ে বক্সের মধ্যে দুর্দান্ত টার্নে জোরালো শট করে ম্যাচে দ্বিতীয়বার গোলকিপার ইয়াহিয়া ফোফানাকে পরাস্ত করেন উন্ডাভ। টুর্নামেন্টে মাত্র ৫৬ মিনিট খেলে উন্ডাভের গোল কন্ট্রিবিউশন এখন ৫টি। এভাবেই শেষ জার্মান ভক্তদের ১২ বছরের অপেক্ষা। জার্মানি ফের স্বমহিমায় ফিরেছে। আর নায়ক উন্ডাভ প্রমাণ করলেন, সুপার সাব-ও ম্যাচের ভাগ্য লিখে দিতে পারে।




