Germany: ফের ফিরলো ৭-১ এর স্মৃতি! নবাগত কুরাসওয়ের ওপর বুলডোজার চালিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু জার্মানির

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ বিশ্বকাপে (FIFA World Cup 2026) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি (Germany)। তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল বিশ্বকাপের মঞ্চে প্রথমবার মাঠে নামা ১ লক্ষ ৫৮ হাজার জনসংখ্যা বিশিষ্ট কুরাসাও (Curacao)। সাহসী ফুটবল খেলে এদিন সামান্য কিছু সময়ের জন্য জার্মানিকে চাপেও ফেলেছিল দেশটি। কিন্তু শেষপর্যন্ত ডেভিড বনাম গোলিয়াথের অসম লড়াইয়ের চরম বাস্তব ছবিটা সামনে চলে আসে।
নির্দয় ভাবে অতি আগ্রাসী মানসিকতা নিয়ে মাঠে নামা কুরাসাওকে বাস্তবের মাটিতে নামিয়ে নিয়ে আসতে জার্মানির সময় লাগে ৩৮ মিনিট। তার আগে পাল্লা দিয়ে চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের বেকায়দায় ফেলার চেষ্টা করছিলেন ক্যারিবিয়ান দেশটির ফুটবলাররা। ম্যাচের ষষ্ঠ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে জার্মানি এগিয়ে গেলেও দমে যায়নি কুরাসাও। লিভানো কোমেনেন্সিয়ার গোলে ২১ মিনিটের মাথায় সমতায় ফেরে তারা। ম্যাচের প্রথম ৩০ মিনিট তারা সমানে সমানে টক্কর দেয় ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নদের।

কিন্তু এরপর নিকো শ্লটারবেকের গোলে ব্যবধান বাড়ায় জার্মানি। আর চেষ্টা করেও ম্যাচের ফিরতে পারেনি কুরাসাও। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ম্যাচের ললাট লিখন একপ্রকার নিশ্চিত করে দেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি ছিল পুরোপুরি একমুখী। একে একে জামাল মুশিয়ালা, নাতালিয়েন ব্রাউন, উন্ডেভদের পাশাপাশি নিজের দ্বিতীয় গোল করে কুরাসওকে নির্মমভাবে ধ্বংস করে জার্মানরা।
আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীন চমক! একসঙ্গে তিনটি সুখবর পেতে চলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা
ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৭-১। আর এই স্কোরলাইন দেখে অনেকেরই মনে পড়ে যায় ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল বনাম জার্মানি ম্যাচের স্কোরলাইন। সেইবারের সেমিফাইনালে একইভাবে আয়োজক ব্রাজিলকে ধ্বংস করে দিয়েছিল জার্মানরা। এইদিন ম্যাচে সমতা ফিরিয়েও রক্ষণ না সামলে অতিরিক্ত আক্রমণ করতে গিয়ে নিজেদের পতন ডেকে আনে কুরাসাও। সেইবার এই ব্যবধানে সেমিফাইনাল জেতার পর নিজেদের চতুর্থ বিশ্বকাপও জেতে জার্মানি। এবার তারা কতদূর এগোয় তা জানতে অত্যন্ত আগ্রহী ফুটবলপ্রেমীরা।
আরও পড়ুন: ব্রাজিলের তিনটি দুর্বলতা প্রথম ম্যাচেই স্পষ্ট দেখিয়ে দিলো মরক্কো! কৌশল না বদলালে ঘটবে বড় বিপদ
বিশ্বজয়ের পর অবশ্য ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করে ৪ বারের বিশ্বজয়ীরা। এই দুইবারই গ্রুপ পর্বের বাঁধা টপকে নকআউটে পৌঁছতে ব্যর্থ হয় জার্মানরা। কিন্তু ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে কুরাসাওকে উড়িয়ে ফুটবল বিশ্বকে যেন বার্তা দিয়ে রাখলো জার্মানি।




