0%

Kunal Ghosh Appointed North Kolkata TMC President

সবদিক নিউজ: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিপর্যয়ের পর যখন তৃণমূল কংগ্রেসের তাসের ঘর কার্যত ভেঙে পড়ছে, সুযোগসন্ধানী ‘বসন্তের কোকিল’রা যখন একে একে পিঠটান দিচ্ছেন, ঠিক তখনই বড়সড় সাংগঠনিক রদবদলের পথে হাঁটল ‘আদি তৃণমূল’। দলের চরমতম দুর্দিনেও যিনি লড়াকু সৈনিকের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে ব্যাটন ধরে রেখেছিলেন, সেই কুণাল ঘোষকে (Kunal Ghosh) দেওয়া হলো তাঁর আনুগত্যের শ্রেষ্ঠ পুরস্কার। লোকসভার দলবদলু প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ছেঁটে ফেলে উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতির গুরুদায়িত্ব তুলে দেওয়া হলো বেলেঘাটার বিধায়ক কুণালের কাঁধে। একইসঙ্গে বিতর্কিত ও বিদ্রোহী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) সরিয়ে যুব তৃণমূলের নতুন রাজ্য সভাপতি করা হলো ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়কে (Arnab Banerjee)।

শাহের দরবারে সুদীপ, রাতেই মমতার ‘সার্জিক্যাল স্ট্রাইক’

২৬-এর ভোটে হারের পর কার্যত লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু শনিবার সকালে হঠাৎ দিল্লিতে সাংসদ শতাব্দী রায়ের গাড়িতে চেপে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে হাজির হন তিনি। সূত্রের খবর, সেখানে প্রাথমিক রফাসূত্র মেলার পর সুদীপ সোজা চলে যান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দরবারে। সেখানে আনুষ্ঠানিক সই-সাবুদ পর্ব সেরে পুরোপুরি গেরুয়া শিবিরের প্রসাদ পেতেই আর কালবিলম্ব করেনি কালীঘাট।

চিত্র- সংগৃহীত

অতীতে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার জেরেই বহুবার দলের অন্দরে কোণঠাসা হতে হয়েছিল কুণাল ঘোষকে। কিন্তু সময় চাকা ঘুরিয়ে দিল। জন্মলগ্ন থেকে মমতাদির ছায়াসঙ্গী হিসেবে থাকা সুদীপ দল ছাড়তেই, উত্তর কলকাতার রাশ তুলে দেওয়া হল কুণালের বিশ্বস্ত কাঁধে। কুণাল অনুগামীদের মতে, এ যেন এক ঐতিহাসিক কাব্যিক বিচার!

kunal ghosh
চিত্র- সংগৃহীত

সায়নীর বিকল্প ছোট পর্দার অর্ণব

অন্য দিকে, লোকসভার স্পিকারকে দেওয়া বিদ্রোহী চিঠিতে সই করা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমুল অশান্তির জেরে অবশেষে পদ খোয়াতে হলো যাদবপুরের সাংসদ সায়নী ঘোষকে। যুব তৃণমূলের সভানেত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে যে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছে, তিনি বাংলার ড্রয়িংরুমের অত্যন্ত পরিচিত মুখ।

TMC Arnab Banerjee has been appointed as State Trinamool Youth Congress  President

জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেতা অর্ণব দীর্ঘদিন ধরেই যুব তৃণমূলের প্রথম সারির লড়াকু কর্মী ছিলেন। সুব্রত বক্সি ও সম্পূর্ণ মমতাপন্থী হিসেবে পরিচিত এই যুব নেতাকে এবার সায়নীর বিকল্প হিসেবে বেছে নিয়ে চমক দিল দল। রাজনৈতিক মহলের মতে, ছাব্বিশের জুনে দাঁড়িয়ে এই রদবদল প্রমাণ করে দিল, যারা বেইমানি করবে তাদের জন্য তৃণমূলের দরজা চিরতরে বন্ধ, আর যারা দুর্দিনেও দলনেত্রীর পাশে থাকবে, রাজত্ব করবে তারাই।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker