TMC leader of nandigram arrested

গ্রেপ্তার আর এক তৃণমূল নেতা। এবার নন্দীগ্রামের কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। বিজেপি নেতা খুন, স্কুলে বোমবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এতদিন তিনি পুলিশের খাতায় পলাতক ছিলেন। অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এই বিষয়ে আরও খবর
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারে বিজেপি কর্মী রথিবালা আড়ি হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল এই তৃণমূল নেতার। এছাড়াও ২০২২ সালে নন্দীগ্রামের কাঞ্চন নগর হাই স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইএ মামলাতেও নাম রয়েছে আব্দুল আলিম আলরাজির। এর পাশাপাশি বিরোধী দলের নেতা কর্মীদের মারধর-সহ একাধিক মামলায় নাম রয়েছে এই তৃণমূল নেতার। পুলিশের খাতায় দীর্ঘদিন থেকে ফেরার ছিলেন তিনি। অবশেষে তাঁকে ধরল পুলিশ। যদিও কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
নন্দীগ্রাম বিজেপির মণ্ডল ২ সভাপতি সুদীপ দাস জানিয়েছেন, আব্দুল আলিম আলরাজি সব নির্বাচনের আগে বোমা, বন্দুক নিয়ে বুথ দখল করত। এছাড়াও বিজেপি কর্মী খুন ও স্কুলে বোমাবাজির ঘটনাতেও তিনি যুক্ত ছিলেন। এই গ্রেপ্তারের জন্য নন্দীগ্রাম থানার আধিকারিকদের ধন্যবাদ জানান বিজেপি নেতা।
পালাবদলের পর দুর্নীতি, তোলাবাজি, মারধর-সহ বিভিন্ন অভিযোগে রাজ্যজুড়ে ধরপাকড় শুরু করেছে পুলিশ। এই সব ঘটনায় একাধিক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার সেই তালিকায় জুড়ল নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজির নাম।
এই বিষয়ে আরও খবর
শেয়ার
লিংক



