0%

নাকের ডগায় বিশ্বকাপ, তার আগেই আমেরিকা থেকে বেস ক্যাম্প সরিয়ে নিল ইরান

নাকের ডগায় বিশ্বকাপ। তার আগে হঠাৎ বদলে গেল পরিকল্পনা। বিশ্বকাপের বেস ক্যাম্প নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের। আমেরিকায় ক্যাম্প করবে না মধ্যপ্রাচ্যের দেশটি। মেগা টুর্নামেন্টের ঠিক আগে কেন এমন সিদ্ধান্ত নিল তারা, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে।

প্রথমে অ্যারিজোনায় প্রস্তুতি শিবির করার কথা ভেবেছিল ইরানের ফুটবল কর্তারা। বিশ্বকাপের আগে সাধারণ নিয়ম মেনেই এই পরিকল্পনা করা হয়েছিল। লক্ষ্য ছিল, দুই থেকে তিন সপ্তাহের প্রস্তুতি শিবিরের। যাতে আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সঙ্গে চূড়ান্ত রণকৌশল তৈরি করা সম্ভব হয়। কিন্তু নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বদলে ফেলা হয়েছে। ফিফার অনুমতি নিয়ে শিবির সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেক্সিকোর তিজুয়ানায়।

ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, “ভিসা সমস্যা তৈরি হওয়ায় আমরা আমেরিকার বদলে মেক্সিকোয় প্রস্তুতি শিবির সরানোর আবেদন করেছিলাম। ফিফা সেই আবেদনে সম্মতি দিয়েছে। আমরা প্রশান্ত মহাসাগরের কাছে তিজুয়ানায় ক্যাম্প করব। যাতায়াতের ক্ষেত্রেও এটি আমাদের জন্য সুবিধাজনক হবে।” মেক্সিকো বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হলেও গ্রুপ পর্বে ইরানকে খেলতে হবে আমেরিকার মাটিতেই। তবুও তিজুয়ানায় শিবির করলে যাতায়াত সহজ হবে, নিজেদের বিমান পরিষেবা ব্যবহার করার সুবিধাও পাবে দলটি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় ইরানকে ঘিরে যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে এই সিদ্ধান্তে। যদিও বর্তমানে সংঘর্ষবিরতি চলছে। তবুও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। একসময় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা ফিফার হস্তক্ষেপে কেটে যায়। এই মুহূর্তে ইরানের জাতীয় দল তুরস্কের আন্তালিয়ায় প্রস্তুতি চালাচ্ছে। ইতিমধ্যেই ফুটবলার ও সাপোর্ট স্টাফদের জন্য আমেরিকার ভিসার আবেদন করা হয়েছে। আগামী ১১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশর।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker