0%

বঙ্গের নির্বাচন নিয়ে কোন পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ?

বাংলা হান্ট ডেস্ক :  বাংলায় নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সামনে আসছে ভোটার তালিকা সংশোধন নিয়ে একের পর এক বিতর্ক।এই পরিস্থিতিতে সোমবার দেশের শীর্ষ আদালতের (Supreme Court) পর্যবেক্ষণ গোটা বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মাঝেই ‘এসআইআর’ প্রক্রিয়া সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

শীর্ষ আদালতের (Supreme Court) পর্যবেক্ষণ

ভোটের প্রস্তুতি শুরু হতেই রাজ্যে ভোটার তালিকা এবং ‘এসআইআর’ নিয়ে জটিলতা বাড়তে থাকে। এই পরিস্থিতিতে সোমবার রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার একটি মামলার শুনানিতে আদালত কড়া ভাষায় মন্তব্য করে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী “রাজ্য এবং নির্বাচন কমিশনের মাঝে পড়ে সাধারণ ভোটাররা কার্যত পিষ্ট হচ্ছেন।” এদিন আদালতে এমন ব্যক্তিদের পক্ষ থেকে আবেদন জানানো হয়, যাঁদের বৈধ নথি থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে।

আবেদনকারীদের বক্তব্য, কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তাঁদের নাম মুছে ফেলা হয়েছে। যদিও এই বিষয়ে সরাসরি নির্দেশ দিতে অস্বীকার করেছে শীর্ষ আদালত। বিচারপতিরা জানান, এই ধরনের অভিযোগের নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়াই সঠিক পথ।

একইসঙ্গে জুডিশিয়াল অফিসারদের প্রসঙ্গে আদালত স্পষ্ট করে দেয়,”তাঁদের ভুল হতেই পারে, কিন্তু সেই কারণে তাঁদের এভাবে ব্যক্তিগতভাবে টার্গেট করা উচিত নয়।” তবে শুনানির মূল আকর্ষণ ছিল রাজ্যজুড়ে চলা এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত বৃহত্তর মামলা। এই প্রক্রিয়ার জেরে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। প্রায় ৯১ লক্ষ মানুষের নাম ছাঁটাই হওয়ায় তাঁদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সাধারণ মহলে উদ্বেগ তুঙ্গে।

বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা সংশোধন ঘিরে যে ক্ষোভ তৈরি হয়েছে, তার মধ্যে সুপ্রিম কোর্টের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের তথ্যগত অসঙ্গতি এবং নাগরিকদের অধিকার—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ শেষ পর্যন্ত কী রায় দেয়, তার ওপর নির্ভর করছে বহু মানুষের ভবিষ্যৎ।

আরও পড়ুন :‘ভোটের তাড়ায় ভুল সিদ্ধান্ত নয়’, সতর্ক করল সুপ্রিম কোর্ট

কমিশনের পরিসংখ্যান বলছে, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। প্রথম খসড়া তালিকাতেই বাদ পড়ে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। পরে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম মুছে দেওয়া হয়। বিতর্ক তৈরি হয় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ‘বিবেচনাধীন’ ভোটারদের নিয়ে। পরবর্তী পর্যায়ে দেখা যায়, এই তালিকা থেকে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ গেছে। সব মিলিয়ে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জন ভোটারের নাম তালিকা থেকে সরানো হয়েছে। এই অবস্থায় শীর্ষ আদালতের চূড়ান্ত নির্দেশই নির্ধারণ করবে, গণতন্ত্রে সাধারণ মানুষের ভোটাধিকার কতটা সুরক্ষিত থাকবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker