‘শহীদ হয়ে গেছে তৃণমূল, জেলের ভাত খেতেই হবে!’ একুশে জুলাইয়ে কটাক্ষ সজল ঘোষের

বাংলা হান্ট ডেস্ক: এতদিন পর্যন্ত ২১শে জুলাই (21st July) মানেই ছিল তৃণমূল কংগ্রেসের (TMC) মেগা ইভেন্ট। তবে এবছর রাজ্যের পালা বদলের পর একেবারে পাল্টে গিয়েছে ছবিটা। এবছর কলকাতার বুকে একটা দুটো নয় পালিত হয়েছে চার-চারটি শহীদ দিবস। আজ একুশে জুলাই এর মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেছেন, গতকাল রাতে ৬০০ বাইক বাহিনী তাঁর ২১ জুলাইয়ের স্টেজে ভাঙচুর চালিয়েছে, ব্যানার ছিঁড়েছে এমনকী ইলেকট্রিকের তার কেটে দিয়েছে।
মমতার অভিযোগের পাল্টা সিসিটিভি রেকর্ডিং প্রকাশের দাবি সজল ঘোষের
সেই অভিযোগে উড়িয়ে দিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)। তাঁর স্পষ্ট দাবী, ‘সিসিটিভি আছে তো,সিসিটিভি প্রকাশ করুন না মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো রাত্রিবেলা নিজেই ছিলেন আমি দেখেছি। তাদের লোকেরাই তো ফেসবুকে দিয়েছিল। এমন তার কাটলো যে সকালবেলা তারস্বরে চিৎকার করতে লাগলো মমতা ব্যানার্জি, ওই মাইকেই?’
তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবী করে তিনি এদিন আরও বললেন, ‘ওসব মিথ্যা কথা বলে কোন লাভ হবে? লোক নাই, জন নাই, কিছু নাই। না শহীদ আছে, না পরিবার আছে । তৃণমূল দলটাও শহীদ হয়ে গেছে। এসব বলে কোন লাভ হবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যে শহীদের বুকের রক্ত দিয়ে আজকে তারা ক্ষমতায় বসেছে । তা সেই ঋতব্রত বলুন আর মমতা ব্যানার্জি বলুন। শহীদের সম্মান তারা কেউই দেয়নি। শহীদকে তারা কেউই খেয়াল করেনি । আজকে তাদের বলিদান বৃথা। যে কাজের জন্য তারা বলিদান দিয়েছিলেন নিজের জীবন তৃণমূল এখন সেই কাজগুলোই করে চলেছে।’
আরও পড়ুনঃ একসঙ্গে ৫০টি AC বাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর! কোন কোন রুটে চলবে জানুন
জেলের ভাত খেতেই হবে, অভিষেকের উদ্দেশ্যে হুঁশিয়ারি
প্রসঙ্গত আজ অভিষেক ব্যানার্জি মন্তব্য করেছেন বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া অনেক ভালো। এই প্রসঙ্গ উঠতেই সজল ঘোষ এদিন অভিষেককে চরম কটাক্ষ করে বলেছেন, ‘তা খা না বাবা তুই জেলের ভাত খা না! তাড়াতাড়ি খা, দেরী করছিস কেন? তাহলে কোর্টে গিয়ে রোজ রক্ষাকবচ চাস কেন? ও যদি জেলে গিয়ে ভাত খাওয়া ভালো মনে করে তাহলে রোজ কোর্টে গিয়ে রক্ষাকবচ চায় কেন? ও রক্ষাকবচ চাইবে কেন? জেলের ভাত খাবে। আর খেতেই হবে। ভালো জ্যোতিষী দেখাতে বলুন দেখবেন কারাবাস আছে।’
একুশের সভা থেকে অভিষেক আজ বড় দাবী জানিয়ে বলেছে, দরকার হলে ফুটপাতে থাকবে কিন্তু বাংলা থেকে বিজেপিকে উৎখাত করবে। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়ে সজল ঘোষ বললেন, ‘হ্যাঁ ওরা ফুটপাতেই তো আছে। ও বলেছিল না বেলা চারটের পর দেখা হবে? না বারোটার পর? ও তো এখন নিজেই ফুটপাতে আছে। ও আর কোথায় আছে?’ এরপরেই অভিষেককে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘যেদিন ইচ্ছা হবে সরকারের সেদিন সরকার ওর ওই বেআইনি প্রাসাদ ভাঙবে।’
মমতা ব্যানার্জী বলেছেন বিজেপি তারকাটাদের দল। এ প্রসঙ্গে সজল ঘোষ পাল্টা দিয়ে বলেছেন, ‘যাদের তার কেটে যায় তারাই এরম বলে। এখনও একজন ৮০ বছরের বৃদ্ধাকে সামনে রেখে সবকিছু করতে হচ্ছে। ভাইপোর আর মুরোদ হলো না, বলেছিল অমুক জায়গার ক্ষমতা আমার হাতেই থাকবে, তমুক জায়গার ক্ষমতা আমার হাতেই থাকবে। সেই কিছু করতে পারল না। সেই আজকে হাল ধরতে পারে না। বাড়ি থেকে বেরোয় না । কতদিন বাদে ওর গায়ে সূর্যের আলো লাগলো তার আবার বড় বড় ভাষণ!’ এছাড়াও কি কি বললেন বিধায়ক? নিচে রইল ভিডিও।




