0%

৫ কোটি টাকার ঋণ, চেক বাউন্স মামলায় রাজপাল যাদবের ৩ মাসের জেল

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে চেক বাউন্স সংক্রান্ত সাতটি মামলায় তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট। শুক্রবার (১০ জুলাই) আদালত এই রায় ঘোষণা করে। ২০১০ সালে নিজের প্রযোজিত ছবি ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য নির্মাণ সংস্থা মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন অভিনেতা। সেই ঋণ শোধ করতে গিয়ে দেওয়া একাধিক চেক বাউন্স হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে একই মামলায় ১০ দিন তিহার জেলে কাটানোর পর জামিনে মুক্তি পান রাজপাল যাদব। এরপর এক সাংবাদিক বৈঠকে তাঁর আইনজীবী জানান, ৫ কোটি টাকার মূল ঋণের সঙ্গে সুদ যোগ হয়ে মোট দেনার পরিমাণ বেড়ে ১০ কোটি ৪০ লক্ষ টাকায় পৌঁছেছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযোগকারী সংস্থা নিরাপত্তা বাবদ দেওয়া অর্থ গ্রহণ করতে অস্বীকার করেছে। তাঁদের উদ্দেশ্য ছিল অভিনেতাকে জেলে পাঠানো।

সেই সাংবাদিক বৈঠকেই রাজপাল যাদব দাবি করেছিলেন, অতীতে আর্থিক সমস্যায় পড়া একাধিক প্রযোজকের জন্য তিনি বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। পাশাপাশি তিনি বলেন, আগামী সাত বছরের জন্য তাঁর হাতে প্রায় ১,২০০ কোটি টাকার ব্র্যান্ডিং ও বিভিন্ন প্রকল্পের কাজ রয়েছে। তাঁর দাবি, চারটি বড় চুক্তিতে তিনি সই করেছেন। কোনও প্রকল্পের মূল্য ২০০ কোটি টাকা, আবার কোনওটির মূল্য ২,০০০ কোটি টাকা। কোথাও তিনি পারিশ্রমিক পাবেন, কোথাও আবার প্রকল্পের অংশীদার হবেন। এছাড়া তাঁর হাতে আরও ১০টি ছবির কাজ রয়েছে বলেও জানান অভিনেতা। তবে এত বড় অঙ্কের কাজের দাবি করলেও তিনি বকেয়া ঋণ পরিশোধ করতে পারেননি।

সাম্প্রতিক সময়ে একাধিক বড় বাজেটের ছবিতে দেখা গিয়েছে রাজপাল যাদবকে। অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, বরুণ ধাওয়ান অভিনীত ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ এবং প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও এই ছবিগুলির জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন, তা প্রকাশ্যে আসেনি। তবে বড় বাজেটের ছবিতে অভিনয়ের জন্য তিনি উল্লেখযোগ্য অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: জাতীয় পুরস্কারও বদলাতে পারেনি ভাগ্য, বেঁচে থাকার লড়াইয়ে অটোচালক! শফিক সৈয়দের জীবন যেন সিনেমাকেও হার মানায়

দিল্লি হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারী সংস্থাকে ১ কোটি ৫ লক্ষ টাকা করে দিতে হবে রাজপাল যাদবকে। পাশাপাশি ১ কোটি ৪ লক্ষ টাকা অতিরিক্ত ক্ষতিপূরণ এবং রাজ্য সরকারকে ২৫ হাজার টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। তবে অভিনেতা ইতিমধ্যেই যে ২ কোটি ২৫ লক্ষ টাকা জমা দিয়েছেন, তা মোট ক্ষতিপূরণের সঙ্গে সমন্বয় করা হবে।

আরও পড়ুন: সম্পর্ক শেষ, সৌজন্য নয়! প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের ভাইয়ের সাফল্য কামনায় সামান্থা

এছাড়া রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদবকেও প্রতিটি মামলায় অভিযোগকারী সংস্থাকে ৫ লক্ষ ৫১ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করার জন্য রাজপাল যাদবকে দুই মাসের সময় দিয়েছে দিল্লি হাই কোর্ট।

আরও পড়ুন: ‘আমিই দীপিকাকে ছেড়েছিলাম, কোন অনুশোচনা নেই’, চাঞ্চল্যকর দাবি প্রাক্তন প্রেমিক মুজাম্মিলের

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker