0%

খাড়গের বৈঠকে অনুপস্থিত বিজেডি! তবে কি নীরবেই ডিলিমিটেশনের দিকে নবীন ?

নয়াদিল্লি: ডিলিমিটেশন বিলকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে ক্রমশ জটিল হচ্ছে বিরোধী শিবিরের অঙ্ক।(Delimitation Bill) সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের আগে এই বিতর্কে বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা করছে কংগ্রেস। কিন্তু সেই উদ্যোগে বড় ধাক্কা খেল ইন্ডি জোট। কারণ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে সাড়া দিল না নবীন পট্টনায়েকের বিজু জনতা দল। বৈঠকে নবীনের অনুপস্থিতি নিয়ে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। রাজনৈতিক মহলের একাংশের দাবি নবীন নীরবেই NDA কে সমর্থন করছেন ডিলিমিটেশনের জন্য।

ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল এই বৈঠকে যোগ না দেওয়ায় ডিলিমিটেশন বিল নিয়ে তাদের অবস্থান ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও বিজেডি এখনও আনুষ্ঠানিকভাবে বিলের পক্ষে সমর্থনের কথা ঘোষণা করেনি, তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের নেতাদের বক্তব্যে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।

আরও দেখুনঃ আফগানিস্তানে আর লেখা যাবে না আসল নাম! চিরতরে মহিলাদের অস্তিত্ব মুছে দিল তালিবান সরকার

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের মূল বিষয়গুলির মধ্যে রয়েছে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলির আসন সংখ্যা বৃদ্ধি।(Delimitation Bill) কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বর্তমান আসন সংখ্যার তুলনায় ৫০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। এই ফর্মুলা কার্যকর হলে ওড়িশায় লোকসভার আসন সংখ্যা ২১ থেকে বেড়ে ৩২ হতে পারে। একইভাবে রাজ্য বিধানসভার আসন সংখ্যাও ১৪৭ থেকে বেড়ে ২২১ হওয়ার কথা। এই সম্ভাব্য পরিবর্তনই বিজেডির আগের আপত্তির সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

বস্তুত, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে ওড়িশার মতো যে রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে সাফল্য পেয়েছে, তাদের জাতীয় সংসদে প্রতিনিধিত্বের অনুপাত কমে যেতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন নবীন পট্টনায়ক। তাঁর বক্তব্য ছিল, আসন সংখ্যা বাড়লেও লোকসভার মোট আসনের তুলনায় ওড়িশার প্রতিনিধিত্বের অনুপাত যেন কমে না যায়। এই একই উদ্বেগ প্রকাশ করেছিলেন বিজেডির সাংসদরাও। দলের বক্তব্য ছিল, ডিলিমিটেশন প্রক্রিয়ায় রাজ্যের স্বার্থ এবং সংসদে বর্তমান প্রতিনিধিত্বের অনুপাত সুরক্ষিত রাখা জরুরি।

কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত ৫০ শতাংশ আসন বৃদ্ধির ফর্মুলা সেই উদ্বেগ অনেকটাই দূর করতে পারে বলে মনে করছে বিজেডির একাংশ।(Delimitation Bill) দলের অভ্যন্তরীণ সূত্রের দাবি, ওড়িশায় লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা একসঙ্গে বাড়লে রাজ্যের প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা আর আগের মতো থাকছে না। সেই কারণেই ডিলিমিটেশন বিল নিয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে নবীন পট্টনায়কের দল। তবে দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই সমর্থনকে নিশ্চিত বলে ধরে নেওয়া যাচ্ছে না।

শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে বিজেডির যোগ না দেওয়ার সিদ্ধান্ত তাই বিশেষ তাৎপর্য পেয়েছে। বিজেডির সংসদীয় দলের নেতা মানস মঙ্গরাজ জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে বৈঠক ডাকা হওয়ায় দলের পক্ষে সেখানে উপস্থিত থাকা সম্ভব হয়নি। তবে তাঁর বক্তব্য, ডিলিমিটেশন বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দলের সভাপতি নবীন পট্টনায়কের নির্দেশ অনুযায়ী। শনিবারই নবীন পট্টনায়ক ও মানস মঙ্গরাজের বৈঠকের পর দলের অবস্থান স্পষ্ট হওয়ার কথা।

এদিকে, বিজেডির সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছে কেন্দ্রীয় সরকারও। শুক্রবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু মানস মঙ্গরাজের সঙ্গে কথা বলেন এবং প্রস্তাবিত ডিলিমিটেশন বিলে বিজেডির সমর্থন চান বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। অন্যদিকে, কংগ্রেসও বিজেডিকে বিরোধী শিবিরের আলোচনায় যুক্ত করার চেষ্টা করেছিল। ফলে একই সময়ে দুই শিবিরের তরফেই নবীন পট্টনায়কের দলের সমর্থন পাওয়ার চেষ্টা রাজনৈতিক গুরুত্ব পেয়েছে।

৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনের আগে ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধীদের মধ্যে ঐক্য গড়ে তোলাই এখন কংগ্রেসের অন্যতম লক্ষ্য। শনিবার খাড়গের ডাকা বৈঠকে একাধিক বিরোধী দলের নেতা উপস্থিত থাকলেও বিজেডির অনুপস্থিতি সেই ঐক্যের ছবিতে প্রশ্ন তুলেছে। তবে বিজেডি শেষ পর্যন্ত বিলের পক্ষে ভোট দেবে, বিপক্ষে থাকবে, নাকি ভোটদানে বিরত থাকবে তা নির্ভর করছে নবীন পট্টনায়কের চূড়ান্ত ঘোষণার উপর। ওড়িশার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বারবার জানানো বিজেডি এবার কোন রাজনৈতিক অবস্থান নেয়, সেদিকেই নজর সংসদের বিশেষ অধিবেশনের আগে জাতীয় রাজনীতির।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker