0%

ক্রাইস্টচার্চ টেস্টে বিরাট ধাক্কা ভারতের, ছিটকে গেলেন ‘সেরা পেসার’, বদলে সেই প্রসিদ্ধ

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ১১০ রানের লিড। ম্যাচে বাকি আরও প্রায় আড়াই দিন। স্পষ্ট হয়ে গিয়েছিল, ভারতকে লড়তে হবে ম্যাচ বাঁচানোর জন্য। বেশ কঠিন লড়াই। কিন্তু সেই লড়াই আরও কঠিন করে দিল আকাশ দীপের চোট। প্রথম ইনিংসে তিনি পাঁচ উইকেট পেয়েছেন। একটা সময় তাঁর বল খেলাই যাচ্ছিল না। সেই আকাশ দীপ দ্বিতীয় ইনিংসে বল করতে পারবেন না। ‘কনকাশন’ সাবস্টিটিউটের মাধ্যমে তাঁর বদলে দলে নেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে।

আসলে রবিবার ম্যাচের দ্বিতীয় দিন ভারতের ব্যাটিংয়ের যখন হতশ্রী দশা, তখন ইনিংসের হাল ধরেন ধ্রুব জুড়েল এবং আকাশই। জুড়েলের সঙ্গে মিলে ৪৬ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে ফলো অনের লজ্জা থেকে বাঁচান বাংলার পেসার। ৫২ বলে ২৯ রান করেন তিনি। ওই ইনিংস চলাকালীনই কাইল জেমিসনের বল বার দুই হেলমেটে লাগে আকাশের। তখনও চোটের গুরুত্ব বোঝা যায়নি। কিন্তু পরে বিসিসিআই জানায়, আকাশ দীপের চোট বেশ গুরুতর। তাঁর পরিবর্তে কনকাশন সাবস্টিটিউট হিসাবে খেলবেন প্রসিদ্ধ কৃষ্ণ।

প্রথম ইনিংসে আকাশ দীপের সৌজন্যেই নিউজিল্যান্ডকে সাড়ে ৩০০ রানের আগে বাঁধতে পেরেছে ভারত। তাঁর না থাকা দ্বিতীয় ইনিংস বিরাট ধাক্কা। তাঁর বদলে প্রথম টেস্টে চূড়ান্ত ব্যর্থ হওয়া প্রসিদ্ধ কৃষ্ণকেই ফের কনকাশন সাফ হিসাবে আনা হয়েছে। প্রশ্ন হল, এবারেও কি মহম্মদ সিরাজকে আনা যেত না? প্রথম টেস্টে ব্রাত্য থাকার পর ধরে অনেকে দাবি করেছিলেন, সিরাজের বদলে খেলানো হচ্ছে আকাশ দীপকে। প্রসিদ্ধ কৃষ্ণর বলে যেহেতু বাড়তি বাউন্স থাকে তাই তিনি দলে অটোমেটিক চয়েস। দ্বিতীয় ম্যাচে প্রসিদ্ধকে বাদ দেওয়া হলেও তাঁর জায়গায় নেওয়া হয় গুর্নুর ব্রারকে। সেই যুক্তি অনুযায়ী আকাশের বদলে সিরাজেরই দলে ঢোকার কথা, তাহলে কেন সিরাজকে নেওয়া হল না?

এদিকে ক্রাইস্টচার্চে ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন ধ্রুব জুড়েল। দলের অন্য সব তারকা যখন ব্যর্থ, তখন জুড়েলের ব্যাট থেকে আসা ৮৮ রানের ইনিংসটা মহামূল্যবান। শেষমেশ টিম ইন্ডিয়া যদি ম্যাচ বাঁচাতে পারে, তাহলে সেটা হবে ধ্রুবর ওই ইনিংসের সুবাদেই হবে। এদিনের হাফসেঞ্চুরিতে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁলেন ২৫ বছর‍ বয়সি তারকা উইকেটরক্ষক। এর আগে উইকেটরক্ষক হিসাবে নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয়দের মধ্যে পরপর দুই হাফসেঞ্চুরি আছে শুধু ধোনি এবং কিরন মোরের। সেটাকে ছুঁয়ে ফেললেন ধ্রুব। এবার সেটা টপকে যাওয়ার সুযোগও রয়েছে তাঁর সামনে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker