0%

শিবের আশ্রয়ে… এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু, হিমালয়েই দেহ রাখল পর্বতারোহীর পরিবার

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না। এভারেস্ট থেকে নামার পথে মৃত্যু হয় অরুণ কুমার তিওয়ারির। পাহাড়কে প্রাণের মতো ভালোবাসতেন তিনি। অরুণের মৃত্যুর পর প্রথামাফিক দাহ-কবর নয়, একেবারে অন্যভাবে শেষকৃত্য হল তাঁর। পর্বতারোহীর পরিবার জানিয়েছে, শিবের আশ্রয়ে থাকবেন অরুণ। তাঁর নশ্বর দেহ রাখা হবে হিমালয়ের কোলেই।

গত সপ্তাহে এভারেস্ট জয় করেন অরুণ। কিন্তু শৃঙ্গ থেকে নেমে আসার সময়ে অসুস্থ বোধ করেন। হিলারি স্টেপে এসে মৃত্যু হয় ৫৩ বছর বয়সি এই পর্বতারোহীর। জানা গিয়েছে, অরুণের সঙ্গে চারজন নেপালি শেরপা ছিলেন। কিন্তু অরুণকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর জামাইবাবু সুধীর উপাধ্যায় জানিয়েছেন, যেখানে অরুণের মৃত্যু হয়েছে সেখান থেকে দেহ নামিয়ে আনাটাও অত্যন্ত দুষ্কর। কঠিন আবহাওয়া, অক্সিজেন সংকটের মধ্যে অভিযান করে দেহ আনতে হবে। তাই হিমালয়ের কোলেই অরুণকে বিদায় জানাল গোটা পরিবার।

সুধীর আরও জানিয়েছেন, প্রয়াত অরুণ শিবভক্ত ছিলেন। তাঁর গোটা পরিবার বিশ্বাস করে, হিমালয় শিবের কোল। তাই শিবের আশ্রয়েই রেখে দেওয়া হয়েছে অরুণকে। সুধীরের কথায়, “ও তো ভগবানের কোলে রয়েছে। এভারেস্ট থেকে দেহ নামিয়ে আনাটা প্রথমত খুবই কঠিন। যথেষ্ট বিপজ্জনক অভিযান চালিয়ে দেহ নামাতে হবে। তারপরেও দেহটা বেশ ক্ষতবিক্ষত হয়ে আসবে আমাদের কাছে। এভারেস্টে থেকে দেহ উদ্ধারের এমন অভিযানও খুব বিপজ্জনক।

উল্লেখ্য, ৫৩ বছর বয়সি অরুণের পর্বতারোহণের যথেষ্ট প্রশিক্ষণ রয়েছে। মাউন্ট এলব্রুস, দেনালি, আকোনকাগুয়া শৃঙ্গ জয় করেছেন। গত বছরও এভারেস্টে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু অসুস্থতার কারণে স্বপ্নপূরণ হয়নি। এবার স্বপ্নকে ছুঁয়েও ফিরতে পারলেন না বাড়িতে। তাঁর সঙ্গে থাকা আরেক পর্বতারোহী সন্দীপ আরেও অসুস্থ হয়ে পড়েন। তৃতীয় ক্যাম্পের কাছে এসে তাঁর মৃত্যু হয়। সন্দীপের দেহ অবশ্য হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। অরুণ এখন থাকবেন তাঁর স্বপ্নের এভারেস্টের খুব কাছে, শিবের আশ্রয়ে। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker