মঙ্গলেই ভাঙবে তৃণমূল? চরম সিদ্ধান্ত নিতে পারেন ৫০ বিধায়কেরা

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর পালা বদল হয়েছে রাজ্যে। তবে বিধানসভা ভোটে হারের পর থেকে তৃণমূলের (Trinamool Congress) কাউন্সিলারের পদত্যাগ থেকে দলের অন্দরে ফাটলের খবর আসছেই। আর এবার মঙ্গলেই বড় সড় কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনায় নামার পাশাপাশি প্রায় ৫০ জন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী বিধায়কের তালিকা স্পিকারের কাছে জমা পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দল ছাড়তে পারেন ৫০ তৃণমূল বিধায়ক?
দলের কঠিন সময়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়ে প্রধান বিরোধী নেত্রী হয়ে ময়দানে ধরনা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরই মাঝে অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্পিকারের কাছে একটি রেজুলিউশন জমা দিতে পারেন নিজেদের প্রকৃত তৃণমূল হিসাবে দাবি করা প্রায় ৫০ বিধায়ক। এমতাবস্থায় তৃণমূল দলের ভবিষ্যৎ কি? মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের মত মমতার হাত থেকেও রাশ চলে যেতে পারে দলের? এমনই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে!
ইতিমধ্যেই সই জালিয়াতি প্রকাশ্যে আসার পর সোমবার দল থেকে বহিস্কৃত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। ফলে তৃণমূলের মোট বিধায়ক সংখ্যা বর্তমানে ৮০ থেকে কমে দাঁড়িয়েছে ৭৮। দুজনকে বিশ্বাসঘাতক বলে তোপ দেগেছেন কুনাল ঘোষ। এদিকে অভিযোগের ভিত্তিতে অভিষেক সহ সমস্ত বিধায়কদের বাড়ি হানা দিচ্ছে CID।
প্রসঙ্গত, বিজেপি দল ভাঙার চেষ্টা করলেও লড়াই চালিয়ে যাবেন স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই নাম না নিয়ে মমতা বলেন, CPM করত, আমাদেরই ভুল ওকে টিকিট দেওয়া। পায়ে এসে পড়েছিল। সিপিএমই তিলক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের প্রশংসা করতেই হয়। অন্য লোকের টিকিটে তাঁকে হাওড়ায় দাঁড়াতে দেওয়া হয়, তারপর এমন বিশ্বাসঘাতকতা করেছে। তাই ক্ষমা করিনি। রোজ গিয়ে বিজেপিতে মিট করছে, তাঁদের কথামত সবাইকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও সামিল আছেন। তবে, মানুষের কাছে এই ‘বিশ্বাসঘাতক’দের টিকিট দেওয়ার জন্য এদিন ক্ষমাও চেয়ে নেন মমতা।




