২৫ লক্ষ টাকা থেকে চাকরি! বারুইপুরে গণপিটুনিতে নিহতের পরিবারের জন্য একাধিক পদক্ষেপ রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবারের পর ফের শনিবার বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান তিনি। সেখানে তাঁর মা-বাবার সঙ্গে মিনিট দশেক কথা বলার পর গণপিটুনিতে (Baruipur Mob-lynching) নিহত যুবকের বাড়িতে হাজির হন। গণপিটুনিতে প্রয়াত অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা ও দাদার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
এদিন যা যা বললেন শুভেন্দু… | (Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবার বারুইপুরে এসে নিহতের মা-বাবার হাতে আর্থিক সহায়তা ও দাদার হাতে সিভিক ভলেন্টিয়ারের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি।
আরও পড়ুনঃ ববি-অরূপদের পথে এবার অনুব্রত! আজ দুপুরেই ঋতব্রত শিবিরে যোগ? পেতে পারেন বড় দায়িত্ব
পরবর্তীতে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধনের সময় শুভেন্দু বলেন, এই গণপিটুনির ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কথায়, “নাম-পরিচয় দেখে হত্যা করা হয়েছে। এর পিছনে যারা ভোটে হেরেছেন তাঁদের ও মৌলবাদীদের হাত থাকতে পারে। নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। নির্যাতনের ঘটনার পাশাপাশি এই ঘটনারও তদন্ত চলবে। সরকার পরিবারের দায়িত্ব নিয়েছে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা যোজনা সব দেখা হচ্ছে”।
মুখ্যমন্ত্রী জানান, গণপিটুনিতে নিহত যুবকের পরিবারকে ২৫ লক্ষ টাকা, দাদাকে চাকরি দেওয়া হয়েছে। তাঁদের ভেঙে যাওয়া বাড়িটিও সংস্কার করে দেওয়া হয়েছে।
সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির বিষয়ে শুভেন্দু বলেন, “ফুলের মতো শিশুটির পরিবার আউটপোস্ট চেয়েছিল। আমরা করে দিয়েছি। আর কিছু সরকারি কাজ আছে। নির্যাতিতার পরিবার রাজি হয়েছে। সেগুলি যখন কার্যকর করা হবে জানা যাবে”।
বারুইপুরে অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড় নিয়েও এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, “রাষ্ট্রবিরোধী কাজ যারা করেছে, তাঁদের গ্রেফতার করা হচ্ছে। ইন্দ্রজিৎ মণ্ডলের খুনিদের সঙ্গে কোনও রকম আপস হতে পারে না। ডিজি-কে বলেছি কেউ যাতে গ্রেফতার না হয়ে পালাতে না পারে”।
এলাকার পরিস্থিতির দিকে নজর রেখে অনেকে ভয়ে দোকান বন্ধ রেখেছেন, তাঁদের উদ্দেশেও বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, অনেকে ভয়ে দোকান বন্ধ করে রেখেছেন। এসপি মাইকিং করবেন, সব দোকান আবার খুলতে হবে। ধর্ষক, খুনিরা রেললাইন বন্ধ করেছে তাঁরা আতঙ্কে থাকুক। বাকিদের ঘরে থাকার কোনও দরকার নেই।
বারুইপুর ধর্ষণ খুন কাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার নিয়ে অবশ্য এদিন কোনও মন্তব্য করেননি শুভেন্দু। তিনি বলেন, বিষয়টি সিআইডি দেখছে। এই নিয়ে কোনও কথা বলবেন না। শুধু জানিয়েছেন, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদী।



