0%

minister dilip ghosh acted in a music video

হাতে ডমরু, ত্রিশূল। কপালে তিলক। শিবকে উৎসর্গ করে তৈরি গানের অ্যালবামে এভাবেই দেখা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ঝালমুড়ি নিয়ে গান গাওয়ার পর এবার অভিনয় করলেন তিনি। শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে ভাঙরের হাজরাকালি মন্দিরে এক বিশেষ অনুষ্ঠানে এই মিউজিক ভিডিওটি রিলিজ করা হয়। এই বিষয়ে তিনি বলেন, “রাজনৈতিক নেতাদের আলাদা করে অভিনেতা হতে হয় না।”

গানটির নাম ‘শঙ্করা’। এটি একটি হিন্দি গান। ৩ মিনিট ৭ সেকেন্ডের এই গানের ভিডিওর বেশ কয়েকটি জায়গায় অভিনয় করতে দেখা যায় দিলীপকে। গানটি গেয়েছেন ও লিখেছেন চয়নিকা। ভিডিওতে তাঁকেও দেখা যাচ্ছে। ভিডিওটিতে দিলীপকে ডমরু বাজাতে ও ত্রিশূল হাতে নাচতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে শিবের পুজোও করছেন তিনি। সোমবার ভাঙড়ের হাজরাকালি মন্দিরে একটি অনুষ্ঠানে দিলীপ ঘোষের উপস্থিতিতে এই মিউজিক ভিডিওটির উদ্বোধন হয়। মন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার, গায়িকা চয়নিকা, বিজেপি নেতা অবনী মণ্ডল, সৌমি হাতি-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন মন্দিরে পূজা-অর্চনা করার পাশাপাশি ভক্তদের সঙ্গে শিবের মাথায় জলও ঢালেন দিলীপ ঘোষ। ভিডিওটি উদ্বোধনের পর মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে বসেই সম্পূর্ণ অ্যালবামটি দেখেন তিনি। রাজনৈতিক মঞ্চের পরিচিত মুখকে এভাবে অভিনেতার ভূমিকায় দেখে উপস্থিতদের মধ্যে কৌতূহল ও উৎসাহ লক্ষ্য করা যায়।

দিলীপ ঘোষ বলেন, “পার্টি বলল প্রেসিডেন্ট হও, হলাম। বলল বিধায়ক হও, হলাম। সাংসদ, মন্ত্রী হও, হলাম। কয়েকদিন আগে গান গাওয়ার চেষ্টা করলাম। গায়করা ভাবে আমি গায়ক। নেতারা ভাবে আমি নেতা। মানুষের ভালো লাগলে মানুষ গ্রহণ করবে। রাজনীতির নেতারা সব সময়ই অভিনেতা, আলাদা করে হতে হয় না।”

উল্লেখ্য, কয়েকদিন আগে ঝালমুড়ি নিয়ে গান রেকর্ড করেন মন্ত্রী। তাঁর গান রেকর্ডিংয়ের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গান গাওয়ার পর এবার অভিনয় করলেন মন্ত্রী। শিবকে উৎসর্গ করে তৈরি গানের অ্যালবামে দেখা গেল তাঁকে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker