আরও দ্রুত হবে যাত্রা, এই দুই শহরে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার

আনিষা চৌধুরী, কলকাতা: দীর্ঘদিনের অপেক্ষার অবসান। এবার পরিকল্পনা বাস্তবায়নের পালা। জোরকদমে চলছে বেঙ্গালুরু (Bengaluru) ও মুম্বইয়ের (Mumbai) মধ্যে নতুন বন্দে ভারত (Vande Bharat) স্লিপার এক্সপ্রেস (Express Train) চালুর প্রস্তুতি। দক্ষিণ-পশ্চিম রেলের প্রস্তাব অনুযায়ী, আগামী ১ নভেম্বর ট্রেনটির উদ্বোধন হতে চলেছে। কর্ণাটক রাজ্যোৎসবের দিনটিকে সামনে রেখেই এই পরিকল্পনা করা হয়েছে।
কমবে যাতায়াতের সময়
বহুদিন ধরেই বেঙ্গালুরু-মুম্বই রুটে এই স্লিপার ট্রেন চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। অক্টোবরের মাঝামাঝি সময়ে দশেরার মধ্যে পরিষেবা চালুর কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে এবার সমস্ত জল্পনাকে ছাপিয়ে ১ নভেম্বরকে উদ্বোধনের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এখন শুধু এই পরিষেবা চালু হওয়ার অপেক্ষা। দক্ষিণ ভারতে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন হিসেবে এই এক্সপ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ট্রেনটি বেঙ্গালুরুর স্যার এম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত প্রায় ১,১১৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। যাত্রায় আনুমানিক ১৬ ঘণ্টা লাগতে পারে। বর্তমানে এক শহর থেকে অন্য শহরে যেতে প্রচলিত ট্রেনগুলির মাধ্যমে প্রায় ২২ ঘণ্টা সময় লাগে। এই নতুন এক্সপ্রেস চালু হলে সেই সময় অনেকটাই কমবে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, এই ট্রেনটি বেঙ্গালুরু থেকে রাত ৭টা ৫০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ১১টা ৫৫ মিনিটে মুম্বই পৌঁছনোর কথা রয়েছে।
বৈভব সূর্যবংশীর জন্য আপাতত বন্ধ হল ভারতীয় দলের দরজা! জানালেন অধিনায়ক আইয়ার
ট্রেনটিতে মোট ১৬টি কোচ এবং ৮২৩টি বার্থ থাকার কথা। এর মধ্যে ১১টি এসি থ্রি-টিয়ার, চারটি এসি টু-টিয়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ অন্তর্ভুক্ত থাকবে। প্রস্তাবিত স্টপেজগুলির মধ্যে রয়েছে কল্যাণ, পুণে, সোলাপুর, কালাবুরাগি, রায়চুর, গুন্টাকাল ও অনন্তপুর। বলাই বাহুল্য, এই ট্রেন চালু হলে অনেক মানুষ উপকৃত হবেন।



