0%

কলকাতা ও শহরতলিতে ঝেঁপে বৃষ্টি, ৬০ কিমি বেগে ঝড়

সবদিক নিউজ: টানা কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর অবশেষে স্বস্তি পেল কলকাতা ও শহরতলি। বুধবার বিকেলে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে একাধিক এলাকায়। মুহূর্তের মধ্যেই দিনের আলো ম্লান হয়ে সন্ধ্যার মতো পরিস্থিতি তৈরি হয়। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় খানিকটা হলেও গরমের দাপট কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সাত জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি।

বৃহস্পতিবারও একাধিক জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাঁকুড়া এবং বর্ধমানের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

টানা গরম ও আর্দ্রতার পর এই বৃষ্টি বঙ্গবাসীর জন্য স্বস্তি নিয়ে এলেও, ঝড়বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker