কোচ হতেই কাজ শুরু সৌরভের! ১১ কোটির পেসারকে বিক্রি করে ‘কমদামি’ স্পিনারকে দলে নিল দিল্লি

আইপিএলের নতুন মরশুমের আগে দল গোছানোর কাজে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। ডিসেম্বরে নিলাম। যা নিয়ে প্রস্তুতিও চলছে। কোন ক্রিকেটার কোন দলে ভেড়ে, তা নিয়েও ক্রিকেটমহলে চর্চা জারি। এই আবহে এবার দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে হল ক্রিকেটার বিনিময়।
দিল্লি থেকে পুরনো দলে ফিরলেন বাঁহাতি পেসার টি নটরাজন। তাঁর পরিবর্তে হায়দরাবাদ থেকে দিল্লিতে এলেন স্পিনার জিশান আনসারি। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত হায়দরাবাদের হয়ে খেলেছিলেন নটরাজন। ২০২৪ সালের আইপিএলে ১৯টি উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদেই নিলামে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল দিল্লি। কিন্তু গত দু’টি মরশুমে প্রত্যাশা পূরণ করতে পারেননি এই পেসার। শেষ পর্যন্ত তাঁকে ৫ কোটি টাকায় পুরনো দল হায়দরাবাদের কাছে বিক্রি করে দিল দিল্লি।
নটরাজনের বদলে দিল্লিতে আসছেন ২৬ বছরের স্পিনার জিশান আনসারি। আইপিএলে হায়দরাবাদের হয়েই নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। আনসারিকে ৪০ লক্ষ টাকায় কিনেছিল সানরাইজার্স। এবার ওই একই মূল্যে তাঁকে দিল্লির হাতে তুলে দিল তারা। তবে ক্রিকেটার অদলবদলের পাশাপাশি দিল্লি শিবিরে সবচেয়ে বড় পরিবর্তন কোচের পদে। আগামী আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেডকোচের দায়িত্ব সামলাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২৫ ও ২০২৬ সালে দিল্লির কোচ ছিলেন হেমঙ্গ বাদানি। এবার তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।
এই মুহূর্তে দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিকানা জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউ স্পোর্টসের হাতে। প্রতি দু’বছর অন্তর পরিচালনার দায়িত্ব ভাগ করে নেয় তারা। আগামী মরশুমে দায়িত্ব থাকছে জেএসডব্লিউ-র হাতে। ২০২৪ সাল থেকে জেএসডব্লিউ-র ক্রিকেট ডিরেক্টর সৌরভ। সেকারণেই এবার ‘দাদা’র হাতে তুলে দেওয়া হয়েছে কোচিংয়ের গুরুদায়িত্ব। উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সঙ্গেও যুক্ত তিনি। ২০১৯ সালে দিল্লি দলের মেন্টরও ছিলেন তিনি। বিসিসিআই সভাপতি হওয়ার কারণে সেই দায়িত্ব ছাড়েন।
চলতি বছরের শুরুতেই কোচ হিসাবে আত্মপ্রকাশ করেন সৌরভ। জেএসডব্লিউ স্পোর্টসের প্রিটোরিয়া ক্যাপিটালসকে কোচিং করান। টুর্নামেন্ট শুরুর দিকে অনেক ঝড়ঝাপটা সামলাতে হয় সৌরভের দলকে। কিন্তু তিনি যে ‘কামব্যাক কিং’। পরপর দুই ম্যাচ হারার পর দলের মনোবল ভাঙতে দেননি। সেখান থেকে টানা ম্যাচ জিতে ফাইনালে যায় সৌরভের প্রিটোরিয়া। ‘প্রিন্স অফ কলকাতা’র অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় দিল্লি। সেই কারণেই মহারাজকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। আর দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রয়োজন অনুযায়ী দল সাজানোর কাজ শুরু করেছেন সৌরভ। নটরাজনকে ছেড়ে দেওয়া এবং আনসারিকে দলে নেওয়া সেই পরিকল্পনারই অংশ কি না, তা অবশ্য স্পষ্ট নয়। তবে নতুন মরশুমে সৌরভের অধীনে দিল্লি কতটা বদলায়, সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
শেয়ার
লিংক



