পাহাড়ের বুক চিরে ছুটবে ট্রেন, তৈরি সুড়ঙ্গ! এবার সহজ হচ্ছে কেদার-বদ্রী যাত্রা

এক বেলার বেশি সময় ধরে পাহাড়ি পথে হেঁটে ওঠা। তার আগে হরিদ্বার থেকে অন্তত দু’দিন সড়কপথে। তবেই পৌঁছনো যাবে কেদারনাথ মন্দির। অন্যদিকে, বদ্রীনাথ মন্দিরে পৌঁছতেও দেড় দিনের সড়ক পথের যাত্রা। বহু বছর ধরেই এমন কঠিন ও দীর্ঘ যাত্রাপথ কেদার বদ্রীর (Kedarnath-Badrinath Yatra)। কিন্তু এবার তা সরল হচ্ছে। পাহাড়ের বুক চিরে তৈরি হল সুড়ঙ্গ পথ। যা দিয়ে অনায়াসে ছুটবে রেল। রেলের তরফে জানানো হয়েছে হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের অন্তর্গত ৬.৫৯ কিলোমিটার দীর্ঘ টানেল-১৪-এর খননকাজ শেষ হয়েছে।
রেল মন্ত্রক জানিয়েছে, পোর্টাল-১-এর কাছে একটি জনবসতির নিচ দিয়ে প্রায় ১১০ মিটার দীর্ঘ একটি অংশ খনন করতে হয়েছিল। সুড়ঙ্গের উপরে মাত্র ২০ থেকে ৩০ মিটার মাটি ও পাথরের স্তর থাকায় কাজের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়েছিল। তবে নিশ্চিতভাবেই ১২৫ কিলোমিটার দীর্ঘ হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক এই পাহাড়ের বুক চিরে তৈরি সুড়ঙ্গ। হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্প উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে তীর্থযাত্রী ও পর্যটকদের যাতায়াতে সুবিধা হবে।

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের একদিকে সুমেরপুরের পোর্টাল১ থেকে ৪.৭ কিলোমিটার এবং অপরদিকে মারোরার পোর্টাল২ থেকে ১.৭৯ কিলোমিটার খনন করা হয়। পোর্টাল২-এর কাছে পাহাড়ের ঢাল মজবুত করাও ছিল বড় চ্যালেঞ্জ। রেল মন্ত্রকের দাবি, মারোরায় মাটি বসে যাওয়ার সমস্যা এবং জমি ও বাড়ি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা মেটানোর পর ২০২৪ সালের মার্চ মাসে মূল সুড়ঙ্গ খননের কাজ শুরু করা সম্ভব হয়েছিল। প্রায় ১০০ মিটার অংশ যান্ত্রিক পদ্ধতিতে খনন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে দুই প্রান্তেই নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে খননকাজ চালানো হয়।
শেয়ার
লিংক



