0%

ধ্রুবর ইনিংসে মান বাঁচলেও ম্যাচ বাঁচানোর লড়াই ভারতের, ক্রাইস্টচার্চে ফের ডোবালেন প্রসিদ্ধরা

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস): ৩৫৬/১০ (বান্ডেল ৮৯, লেথাম ৫৯, আকাশ দীপ ৯৯/৫, গুর্নুর ৭৮/২)
ভারত (প্রথম ইনিংস): ২৪৬/১০ (জুড়েল ৮৮, আকাশ দীপ ২৯, জেমিসন ৬৯/৪)
নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ১৩৩/৩ (কনওয়ে ৫১, রাচীন ৪৬, বুমরাহ ২-৩৪)
তৃতীয় দিনের শেষে ২৪০ রানে পিছিয়ে ভারত।

দ্বিতীয় দিনের শেষেই স্পষ্ট হয়ে গিয়েছিল ক্রাইস্টচার্চ টেস্টে ভারতকে লড়তে হবে ম্যাচ বাঁচানোর জন্য। তৃতীয় দিনের শেষে সেই সম্ভাবনা যেন আরও স্পষ্ট হল। ধ্রুব জুড়েলের অসামান্য ইনিংস, এবং ব্যাট হাতে আকাশ দীপ, গুর্নুর ব্রারদের মতো বোলারদের লড়াই ছাড়া তৃতীয় দিনে ভারতের প্রাপ্তি শুধু হতাশাই।

দেওয়াল লিখন অবশ্য দ্বিতীয় দিনই স্পষ্ট হয়ে গিয়েছিলে। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে পাহাড়প্রমাণ চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এদিন সাতসকালে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান অংশুল কম্বোজ। দলে যার জায়গা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার হিসাবে। কম্বোজের কাছে যে ব্যাটিংটা টিম ইন্ডিয়া আশা করেছিল সেটা অবশ্য করে দিয়ে যান আকাশ দীপ। জুড়েলের সঙ্গে মিলে ৪৬ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে ফলো অনের লজ্জা থেকে বাঁচান বাংলার পেসার। ৫২ বলে ২৯ রান করেন তিনি। ওই ইনিংস চলাকালীনই কাইল জেমিসনের বল বার দুই হেলমেটে লাগে আকাশের। তখনও চোটের গুরুত্ব বোঝা যায়নি। কিন্তু পরে বিসিসিআই জানায়, আকাশ দীপের চোট বেশ গুরুতর। তাঁর পরিবর্তে কনকাশন সাবস্টিটিউট হিসাবে খেলবেন প্রসিদ্ধ কৃষ্ণ।

আকাশ আউট হওয়ার পর গুর্নুর ব্রারের সঙ্গে জুটি বাঁধেন জুড়েল। দশম উইকেটের ওই জুটি ৬৪ রান যোগ করে দেয়। শেষ উইকেটের জুটিতে বুমরাহর সঙ্গে আরও ২১ রান যোগ করেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার। জুড়েল শেষমেশ নিজে ৮৮ রান করে আউট হয়ে যান। টপ অর্ডার ও মিডল অর্ডারের চরম ব্যর্থতার পরও ভারত যে ২৪৬ রান তুলল, সেটা একমাত্র তাঁর জন্যই সম্ভব হল। কিন্তু তখনও কিউয়িদের হাতে ১১০ রানের লিড।

টিম ইন্ডিয়াকে এই ম্যাচে কামব্যাক করতে হলে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে খুব দ্রুত অলআউট করতে হত। কিন্তু তেমন কোনও লক্ষ্মণ দেখা গেল না তৃতীয় দিনের শেষে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ১৩৩ রানে ৩ উইকেট। ডেভন কনওয়ে করেছেন ৫১ রান। রাচীন রবীন্দ্র ৪৬ এবং ডারিল মিচেল ৫ রান করে খেলছেন। নিউজিল্যান্ডের লিড ইতিমধ্যেই ২৪৬ রানে পৌঁছে গিয়েছে। ভারতের হয়ে বুমরাহ ছাড়া আর কোনও বোলারকে সেভাবে প্রভাবশালী মনে হয়নি। বুমরাহ ২ উইকেট পেয়েছেন। একটি উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। মুড়ি-মুড়কির মতো রান বিলিয়েছেন অংশুল কম্বোজ, প্রসিদ্ধ কৃষ্ণরা। আকাশদীপ এবং অবশ্যই মহম্মদ সিরাজের অভাব বেশ ভালোরকমই চোখে পড়ল এই ম্যাচে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker