0%

রবিসকালে ভুটান সীমান্তে দুই দাঁতাল হাতির ভয়ংকর লড়াই, সঙ্গিনীকে কেন্দ্র করে যুদ্ধ?

এলাকা দখলের লড়াই? নাকি সঙ্গিনীকে কেন্দ্র করে যুদ্ধ? তা স্পষ্ট নয়। তবে রবিবার সাতসকালে দুই দাঁতাল হাতির লড়াই দেখল জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দারা। ভারত-ভুটান সীমান্তে সকালে দুই হাতি সামনা সামনি দাঁড়িয়ে পড়ে। তারপরই শুঁড় তুলে ভয়ংকর লড়াই। সঙ্গে কান ফাটানো ডাক। ডুয়ার্সের বানারহাট ব্লকের ভারত-ভুটান সীমান্তবর্তী চামুর্চি এলাকার ঘটনাটি ঘটেছে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। কোনও প্রাণহানি বা ক্ষয় ক্ষতির খবর নেই।

বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে, ডুয়ার্সের রেতি জঙ্গল থেকে বেরিয়ে হাতির একটি দল মরাঘাট অথবা ডায়না জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকায় দুটি দাঁতাল হাতি পরস্পরের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ে। শুরু হয় তুমুল লড়াই। দীর্ঘক্ষণ একে অপরকে শুঁড় ও দাঁত দিয়ে আক্রমণ করতে থাকে হাতি দুটি। হাতির হঙ্কার, বিকট শব্দ শুনে ছুটে আসেন চা বাগানের বাসিন্দা। ভয়ংকর দৃশ্য দেখে থমকে যান তাঁরা। দূর থেকে দেখেন দুই হাতির লড়াই।

আতঙ্ক ছড়ায় এলাকায়। চামুর্চি সীমান্তবর্তী ওই এলাকায় চারপাশে রয়েছে চা বাগান। রয়েছে বাড়ি-ঘর। হাতি দু’টি লোকালয়ে চলে আসলে মহাবিপদ হতে পারে বলে আশঙ্কা করছিলেন স্থানীয়রা। তেমন কিছু হয়নি। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর একটি হাতি হার স্বীকার করে। রণক্ষেত্র ছাড়ে সে। তারপরই পরিস্থিতির উন্নতি হয়। স্বস্তি ফেরে।

হঠাৎ কেন লড়াই? অনুমান, এলাকা দখলের লড়াই হতে পারে কিংবা সঙ্গিনীকে কেন্দ্র করে এই লড়াই হতে পারে। কারণ, যাই হোক না কেন, সাতসকালে ভয়ংকর লড়াই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরিস্থিত এখন স্বাভাবিক বলেই জানা গিয়েছে। হাতির দলটির উপর নজর রাখছে বনদপ্তর। এদিকে হাতির লড়াইয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker