উৎসব শেষে আজ ডার্বি পুজো, চোট চাপে দুই প্রধানই, ম্যাচের রং বদলাবেন কে?

যে যে ফুটবলারদের উপরে ডার্বি ম্যাচের রঙ বদলানো নির্ভর করে, রবিবাসরীয় ডার্বির আগে দেখা যাচ্ছে, দু’দলেই তাঁরা অনুপস্থিত। মোহনবাগানে যেরকম সাহালের সঙ্গে রবিবাসরীয় ডার্বিতে মিগুয়েলও অনুপস্থিত। ইস্টবেঙ্গলে সেরকম আনোয়ারের সঙ্গে খেলার সম্ভাবনা নেই ডুরান্ড ফাইনালে ডার্বিতে হ্যাটট্রিক করা এডমুন্ডেরও। ইস্টবেঙ্গলে অবশ্য খেলার সম্ভাবনা নেই মিডফিল্ডার ইকোনোমিডিসেরও। তবে তিনি ডার্বির রঙ বদলে দেওয়ার মতো ফুটবলার নন। ফিট থাকলেও হয়তো রবিবাসরীয় ডার্বিতে খেলার সুযোগটাও পেতেন না। ফলে একদিকে যেমন নেই সাহাল এবং মিগুয়েল। আরেকদিকে ইস্টবেঙ্গলে নেই আনোয়ার এবং এডমুন্ড।
এমনিতে চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন মোহনবাগানের ব্রাজিলিয়ান ফুটবলার। অনেক কষ্টে চোট সারানোর পর শুক্রবার রাতে কোচ দিলেমপেরিস যখন ভাবছিলেন, রবিবাসরীয় ডার্বিতে মিগুয়েলকে দলে রাখবেন। ঠিক তখনই এল দুঃসংবাদটা। হৃদরোগে আক্রান্ত মিগুয়েলের মা। ঠিক এই অবস্থায় কী করা উচিত ব্রাজিলিয়ান তারকার? লাল-হলুদ জার্সি ছেড়ে সবুজ-মেরুন জার্সি পরার পর থেকে সেভাবে আর খেলতে পারলেন কোথায়? যখন মনে হচ্ছিল, আইএসএলের প্রথম ডার্বিতে বোধহয় ঘুরে দাঁড়াবেন তিনি। ঠিক তখনই ব্রাজিল থেকে এল দুঃসংবাদ। মিগুয়েল তখন কী করবেন বুঝে উঠতে পারছেন না। এই সময় পুরো টিম দাঁড়িয়ে যায় মিগুয়েলের পাশে। ঠিক হয়, ম্যাচ আরও হবে। কিন্তু আগে মা। তখন ব্রাজিল যাওয়ার জন্য সকালের বিমানের টিকিট বুক করা হয়। ব্রাজিলের উদ্দেশ্যে সকালেই রওনা হয়ে যান মিগুয়েল। এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে দিলেমপেরিস বলছিলেন, ‘আমরা ওর মা’র দ্রুত সেরে ওঠা প্রার্থনা করছি।’
কিন্ত মিগুয়েল না থাকলে ডার্বিতে কতটা সমস্যায় পড়বে মোহনবাগান? ভালোভাবে দেখলে, এই মরশুমে মিগুয়েলকে দুটো ম্যাচ বাদ দিলে আইএসএলে পর পর পাঁচটা ম্যাচ জিতে বসে দিলেমপেরিসের ছেলেরা। তাহলে ইস্টবেঙ্গলকে হারানোর জন্য মিগুয়েল না থাকলেই বা কী সমস্যা? তবে থাকলে যে ইস্টবেঙ্গলকে হারানোর জন্য দিলেমপেরিসের পরিকল্পনা করতে সুবিধা হত, সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। ম্যাকলারেন সুস্থ হয়ে গিয়েছেন। আগের ম্যাচে অসাধারণ দুটো অ্যাসিস্টও করেছেন। এহেন অবস্থায় ফিট মিগুয়েলকে পেলে, ম্যাকলারেন-মিগুয়েল-দ্রাজিচ। এই ত্রিভুজ আক্রমণে তুর্কি নাচন নাচানো যেত লাল-হলুদ ডিফেন্সকে। আর মাথায় রাখতে হবে, আনোয়ার বিহীন ইস্টবেঙ্গল ডিফেন্স কতটা যে করুণ অবস্থায় রয়েছে সেটা নিশ্চিয়ই মোহনবাগান কোচের চোখ এড়িয়ে যায়নি। আনোয়ার সহ ইস্টবেঙ্গল ডিফেন্স। আর আনোয়ার বিহীন জিভুলিচ আর সন্দীপ মান্ডিকে নিয়ে ইস্টবেঙ্গল ডিফেন্সের কথা ভাবলেই ম্যাকলারেনের চোছ চক চক করে ওঠে। মিগুয়েলকে ছাড়াই যেরকম মোহনবাগানের ম্যাচ জেতা খুব একটা অসুবিধার হচ্ছে না। সেরকম সাহালকে ছাড়াও তো মোহনবাগান জিতছে। আসলে ম্যাচ দেখে যতই মন না ভরুক, এই মরশুমের মোহনবাগান দলে এত বেশি বিকল্প ফুটবলার রয়েছেন, তাতে সাহাল বা মিগুয়েলের না খেলা ততটা সমস্যা হবে না দিলেমপেরিসের জন্য। যতটা আনোয়ার আর এডমুন্ড ছাড়া সমস্যায় পড়বেন ইস্টবেঙ্গল কোচ হাবাস।
এমনিতে আইএসএল ডার্বি আর হাবাস ইস্টবেঙ্গলে আসার আগে পর্যন্ত প্রায় সমার্থক শব্দ ছিলেন। কিন্তু এই মরশুমে ইস্টবেঙ্গল কোচ হিসেবে দুটো ডার্বি ইতিমধ্যেই হেরে বসে আছেন। তার অর্থ, ডার্বিতে হাবাস নামক শব্দের সাহায্যে ডার্বিতে যে সাফল্য পাওয়ার কথা, তা কিন্তু লাল-হলুদ কোচের চেয়ারে বসে প্রমাণ করতে পারেননি স্প্যানিশ কোচ। এর পিছনে যতটা না তিনি দায়ী। ইস্টবেঙ্গলের দল গঠন তার থেকেও বেশি দায়ী। আনোয়ার আর এডমুন্ড না খেললে এদের বিকল্পই যে কেউ নেই। ডার্বিতে হ্যাটট্রিক করার পর এডমু্ন্ডের পারফরম্যান্স যখন উর্ধ্বমুখী, ঠিক তখনই হাতে চোট পেয়ে দশ সপ্তাহর জন্য মাঠের বাইরে। ডেভিড তো এমনিতেই প্রথম দলে থাকতেন। ডার্বিতে হয়তো স্ট্রাইকিং পজিশনে সঙ্গে খেলাবেন লোবাকে। যাঁকে হাবাস মনে করেন, ঠিক স্ট্রাইকার নন। কিন্তু গোল করে দিতে পারেন। একদিকে ম্যাকলারেন। আরেকদিকে লোবা।
তবু বলছি, ইস্টবেঙ্গল কোচের চেয়ারে রয়েছেন হাবাস। যাঁর উর্বর মস্তিষ্ক, কখন যে কী পরিকল্পনা তৈরি করবে, বলা মুশকিল। কিন্তু যেই ডিফেন্সের ফুটবলারদের নামগুলি ভেসে উঠছে, উল্টোদিকে ম্যাচকলারেনকে ভেবে চোখ বন্ধ করছেন লাল-হলুদ সমর্থকরা। সবুজ-মেরুনের সমর্থকদের অবশ্য এই সমস্যাটা নেই। আলবার্তো আছে তো।
শেয়ার
লিংক



