0%

বঙ্গে তৃণমূল সরকারের ‘অন্ধকার’ সরিয়ে নতুন সূচনার ডাক দিল BJP! প্রধানমন্ত্রীর স্লোগানেই তৈরি নতুন গান

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরেই সম্পন্ন হতে চলেছে বিধানসভা নির্বাচন। এমতাবস্থায়, নির্বাচনের আগে নিজেদের এজেন্ডা এবং ২০১১ সাল থেকে বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ ও দুর্নীতির বিষয়ে রাজ্যবাসীর কাছে ক্রমাগত বার্তা পৌঁছে দিচ্ছে বিজেপি (Bharatiya Janata Party)। ইতিমধ্যেই গত ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা থেকে ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’-এর ডাক দিয়েছিলেন। সেই আহ্বানকে সামনে রেখেই ভোটের আবহে নিজেদের প্রচার আরও শক্তিশালী করছে ভারতীয় জনতা পার্টি।

নতুন সূচনার ডাক বিজেপির (Bharatiya Janata Party):

ইতিমধ্যেই, ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগানকে সামনে রেখে একটি গান প্রকাশিত হয়েছে নেটমাধ্যমে। যেটি বিজেপি কর্মীদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিজেপির মতে রাজ্যের বর্তমান ভয়াবহ অবস্থা এবং প্রশাসনিক কাঠামো যেভাবে দুর্বল হয়ে পড়েছে তাতে পশ্চিমবঙ্গ ক্রমশ পিছিয়ে পড়ছে বলেই দাবি করা হয়েছে। গত বছরের এপ্রিলে ২৬,০০০-এরও বেশি শিক্ষকের চাকরি বাতিল থেকে শুরু করে রাজ্যের বেকার যুবক-যুবতীরা যেভাবে চাকরি না পেয়ে অন্ধকারে তলিয়ে যাচ্ছেন এবং যুব সমাজের একাংশ যেভাবে ভীনরাজ্যে চাকরির আশায় পাড়ি দিচ্ছেন সেই বিষয়টিও উপস্থাপিত করা হয় ওই গানের মাধ্যমে।

এদিকে, গরু-কয়লা-বালি পাচারের মতো বিভিন্ন অভিযোগে বিদ্ধ হয়েছে রাজ্যের শাসকদল। এমনকি, টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগও সামনে এসেছে। পাশাপাশি, বিজেপির মতে, আরজি কর থেকে শুরু করে কালিয়াগঞ্জ, হাঁসখালি এবং কসবা আইন কলেজের মতো ঘটনাগুলি রাজ্যের ব্যবস্থার ভয়ঙ্কর প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এছাড়াও, নির্দিষ্ট সম্প্রদায়কে তুষ্টিকরণের মাধ্যমে ভোট ব্যাঙ্কের রাজনীতিকে সামনে রেখে যেভাবে হিন্দুদের নিরাপত্তাহীন বোধ করানো হচ্ছে সেই বিষয়টির পরিপ্রেক্ষিতেও সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী দল।

আরও পড়ুন: Jio-Airtel-এর উড়ল ঘুম! BSNL-এর এই প্ল্যানে মিলছে ৫০০০ জিবি ডেটা, দাম মাত্র এত টাকা

বিজেপির মতে, বঙ্গের ইতিহাস দেখলেই স্পষ্ট হয়ে যায় যে, পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেটি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শুধু তাই নয়, সমগ্র বাঙালি জাতি সেক্ষেত্রে রীতিমতো নেতৃত্ব দিয়েছিল। একটা সময়ে রানীগঞ্জের কয়লা বিদ্যুৎ শিল্প, বার্নপুরের ইস্পাত কারখানা, কলকাতায় দেশের প্রথম মেট্রো, বিশ্বভারতীর মতো শিক্ষা প্রতিষ্ঠান ভারতের গৌরবকে উজ্জ্বল করেছিল। কিন্তু, বর্তমান সময়ে যেন প্রতিটি ক্ষেত্রেই ঘন অন্ধকার ঘনিয়ে আসছে। শাসক দলের দাদাগিরি, সিন্ডিকেট রাজের প্রভাব এবং দুর্নীতির ওপর ভর করে বঙ্গ ক্রমশ পিছিয়ে পড়ছে বলে দাবি করেছে বিজেপি।

আরও পড়ুন: ৯৬২ শতাংশ রিটার্ন দেওয়া রেলের এই কোম্পানি পেল ৮৮ কোটির অর্ডার! বিনিয়োগকারীদের নজরে শেয়ার

এমতাবস্থায়, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে রাজ্যবাসী পরিবর্তন চাইছেন বলেই ডাক দিয়েছে বিজেপি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদী নিজেও বাংলার পুনরুত্থানের গ্যারান্টি দিয়েছেন। ভাষা ও সংস্কৃতি থেকে শুরু করে, দুর্গাপুজো এবং দীপাবলির মতো উৎসব যেভাবে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে তা উপস্থাপিত করে বাংলার হারানো গৌরব ফের ফিরবে বলেই আত্মবিশ্বাসী বিরোধী দল। রাজ্যের সীমান্তে সুরক্ষা বৃদ্ধির পাশাপাশি বঙ্গের নিরাপত্তা সুনিশ্চিত করাও তাদের লক্ষ্য। আর এইভাবেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখে আগামী নির্বাচনে বিজেপি সরকার গঠনের মাধ্যমে যাতে বিকশিত বাংলার রূপরেখা রেখা তৈরি করা যায় সেই লক্ষ্যেই বঙ্গবাসীর কাছে আর্জি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker