0%

বিতর্কের মধ্যেই ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ! নেপথ্যে কোন কারণ?

বিতর্কের মধ্যেই ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। সোমবার নিজেই একথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু কেন? জানা যাচ্ছে, নিট প্রশ্নফাঁস কাণ্ডে বড়সড় প্রতিবাদ কর্মসূচি শুরু করতে দেশে পা রাখছেন তিনি। তাঁর দাবি, নিট কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

এদিন অভিজিৎ নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, “ভারতের সংবিধানের পথ অনুসরণ করে আমাদের সকলের একত্রিত হওয়া প্রয়োজন।  শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো উচিত। ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে আমাদের আওয়াজ তোলার সময় এসে গিয়েছে।” তাঁর কথায়, “এত বড় ভুলের পরেও যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন, তাহলে দেশে আর স্বচ্ছতা বলে কিছু অবশিষ্ট নেই।” জানা গিয়েছে, আগামী ৫ জুন অর্থাৎ শনিবার দিল্লিতে পা রাখবেন অভিজিৎ। এরপর যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের জন্য তিনি পুলিশের কাছে অনুমতি চাইবেন। একইসঙ্গে দেশের ছাত্রছাত্রী এবং তরুণ প্রজন্মকে এই প্রতিবাদে শামিল হওয়ার অহ্বান জানিয়েছেন তিনি।

গত কয়েক সপ্তাহে দেশের সবচেয়ে চর্চিত বিষয় ‘ককরোচ জনতা পার্টি’। খাতায়কলমে কোনও রাজনৈতিক দল না হলেও জনপ্রিয়তার নিরিখে দেশের বড় দলগুলিকে পিছনে ফেলে দিয়েছে এই ‘পার্টি’। অভিজিৎ কটাক্ষ করেন, ‘বিজেপি নিজেকে বিশ্বের বৃহত্তম পার্টি হিসাবে দাবি করে। কিন্তু ওদের টপকে যেতে আমাদের মাত্র চারদিন লাগল।’ এই পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায়, এক্স থেকে উধাও হয়ে গিয়েছে ককরোচ জনতা পার্টির হ্যান্ডেল।

বলা বাহুল্য, কেন্দ্রের নির্দেশেই বন্ধ করা হয়েছে সিজেপির এক্স অ্যাকাউন্ট। আইবির তরফ থেকে দাবি করা হয়ে, এই অ্যাকাউন্টটি জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক। অন্যদিকে প্রতিষ্ঠাতা অভিজিতের কথায়, “এই অ্যাকাউন্ট থেকে কোনও অন্যায় মন্তব্য করা হয়নি, উসকানিমূলক পোস্টও করা হয়নি। কিছু সামাজিক ইস্যুতে পোস্ট করা হয়েছে স্রেফ। তাহলে কেন রুখে দেওয়া হচ্ছে এই অ্যাকাউন্টের কার্যাবলি? উত্তর দেয়নি কেন্দ্র।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker