0%

ভারতের সেনা-মুভমেন্টের লাইভ ফুটেজ পাকিস্তানে! পঞ্জাবে পর্দাফাঁস আন্তর্জাতিক চরচক্রের

সবদিক নিউজ: জাতীয় সড়কে সিসি ক্যামেরা বসিয়ে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধির ওপর নজরদারি চালানোর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। পঞ্জাবের চার বাসিন্দার বিরুদ্ধে পঠানকোট-জম্মু ৪৪ নম্বর জাতীয় সড়কে সিসি ক্যামেরা লাগিয়ে সেই ফুটেজ সরাসরি পাকিস্তানে পাচার করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই বলজিৎ সিংহ নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি পঞ্জাবের পঠানকোট জেলার চক ধারিয়াল গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ভারত-পাক সীমান্তের কাছাকাছি অবস্থিত পঠানকোট কৌশলগতভাবে ভারতীয় সেনাবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। সেই পঠানকোটের সুজনপুর এলাকায় একটি সেতুর কাছে এই সিসি ক্যামেরাটি বসানো হয়েছিল। ওই পথ দিয়ে কখন এবং কত সংখ্যায় সেনা ও আধাসামরিক বাহিনীর গাড়ি যাতায়াত করছে, ইন্টারনেটের মাধ্যমে সেই লাইভ ফুটেজ দুবাই হয়ে পৌঁছে যেত পাকিস্তানের হ্যান্ডলারদের কাছে। গোপন সূত্রে জাতীয় সড়কে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে তদন্তে নামে পুলিশ এবং এই আন্তর্জাতিক চরবৃত্তির চক্রটির সন্ধান পায়। ধৃত বলজিতের কাছ থেকে একটি সিসি ক্যামেরা ও একটি ওয়াইফাই রাউটার উদ্ধার করা হয়েছে।

পঞ্জাব পুলিশের অন্যতম শীর্ষ কর্মকর্তা দলজিন্দর সিংহ ধিঁলো জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে দুবাইয়ের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই কাজের জন্য ধৃত বলজিৎ সিংহকে ৪০ হাজার টাকা দিয়েছিল। এই চক্রের সাথে যুক্ত আরও তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পলাতক এই তিন ব্যক্তি হলেন বিক্রমজিৎ সিংহ, বলবিন্দর সিংহ এবং তরণপ্রীত সিংহ ওরফে তন্নু। পুলিশের দাবি, অভিযুক্ত প্রত্যেকেই দীর্ঘদিন ধরে দেশবিরোধী এবং অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত। বাকিদের গ্রেফতার করতে পারলে এই চক্রের জাল কতদূর বিস্তৃত, সে বিষয়ে আরও তথ্য মিলবে বলে আশা করছেন তদন্তকারীরা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker