ভোটের মুখে সিঙ্গুরে বিজেপির শক্তি প্রদর্শন, মঞ্চ থেকে বড় প্রতিশ্রুতি মোদীর

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে সিঙ্গুরে এসে রাজনৈতিক ও সরকারি, দু’ধরনের কর্মসূচিতেই অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শিল্প বিতর্কে আলোচিত সিঙ্গুরের মাটিতে এই সভাকে ঘিরে সকাল থেকেই তৎপরতা ছিল তুঙ্গে। ১৮ বছর পর সিঙ্গুরে বিজেপির এই সভাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
দুপুর ২:৫০ মিনিটের সিঙ্গুরে পৌঁছন প্রধানমন্ত্রী (Narendra Modi)
দুপুর ২টা ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর ২টা ৫০ মিনিটে পৌঁছন সিঙ্গুরে। আর দুপুর ৩টা ১ মিনিটে সিঙ্গুরের সরকারি সভায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
দুপুর ২টা ৪৬ মিনিটে মঞ্চে বক্তব্য রাখেন সাংসদ লকেট চ্যাটার্জি। তিনি বলেন, “রোহিঙ্গাদের তাড়াবে বিজেপি। ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে, আরও যাবে। তাই দাঙ্গা ছড়িয়ে দিচ্ছে তৃণমূল।” দুপুর ৩টা ২ মিনিটে সাংসদ সৌমিত্র খা বলেন, “আজ ঐতিহাসিক দিন। জয়রামবাটিতে নরেন্দ্র মোদির হাত ধরে ট্রেন আসছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব। বিকশিত ভারতের অংশ হিসেবে বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে চলেছি।”
৮৩০ কোটির প্রকল্পের ঘোষণা
দুপুর ৩টা ১২ মিনিটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানান, সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ৮৩০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এরপর দুপুর ৩টা ১৪ মিনিটে প্রধানমন্ত্রী উদ্বোধন ও শিলান্যাস করেন।
- ৩টি অমৃত ভারত ট্রেন (কলকাতা-বারাণসী, সাঁতরাগাছি-তাম্বরম, হাওড়া-আনন্দবিহার)
- জয়রামবাটি-ময়নাপুর রেললাইন
- কলকাতায় ইলেকট্রিক কেটামেরন
- বলাগড়ে বন্দর গেট সিস্টেম
মোট প্রকল্পের মূল্য ৮৩০ কোটি টাকা।

আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার অবসান! সুপ্রিম নির্দেশ মাথায় রেখে প্রাথমিক শিক্ষক প্যানেল প্রকাশ করল পর্ষদ
দুপুর ৩টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “আমার কেন্দ্র বারাণসীর সঙ্গে বাংলাকে রেলপথে জুড়ে দেব।” এরপর তিনি আরও বলেন, “মোট ৯টি অমৃত ভারত ট্রেন পেল বাংলা। দেশের প্রথম স্লিপার বন্দে ভারতও পেয়েছে বাংলা। রেল পরিষেবায় এটা বড় প্রাপ্তি। বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট নতুন দিশা দেখাবে। লজিস্টিক হাব তৈরি হবে, বাড়বে কর্মসংস্থান। ইলেকট্রিক কেটামেরনের ফলে জলপথে যাতায়াত সহজ হবে, লগ্নি বাড়বে। বিকশিত ভারতের জন্য বিকশিত পূর্ব ভারত, এই ভিশনেই বাংলায় লগ্নি আসবে।” দুপুর ৩টা ৩০ মিনিটে সরকারি সভা শেষ করে প্রধানমন্ত্রী দুপুর ৩টা ৩২ মিনিটে তিনি ‘পরিবর্তন সংকল্প’ সভামঞ্চে পৌঁছন।



