0%

রেশনে আর মিলবে না আটা, জুন মাস থেকে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

সবদিক নিউজ: রাজ্যের সাধারণ মানুষের পাতে নিম্নমানের আটা তুলে দেওয়ার দিন শেষ হতে চলেছে। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী জুন মাস থেকে রেশনে আর আটা দেওয়া হবে না, তার বদলে উপভোক্তারা পাবেন আস্ত গম। মন্ত্রীর দাবি, রেশনে আটা দেওয়ার আড়ালে মিল-মালিকদের একটি বড় চক্র কাজ করত, যারা সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছিল।

আটার আড়ালে ময়দার ‘বর্জ্য’?

এদিন খাদ্যমন্ত্রী বিস্ফোরক অভিযোগ করে বলেন, “মিল মালিকরা কেন্দ্রের দেওয়া গম থেকে আটা এবং ময়দা, দুই-ই তৈরি করত। কিন্তু ময়দা তৈরির পর যে অবশিষ্ট বর্জ্য পড়ে থাকত, তা আটার সঙ্গে মিশিয়ে রেশনে পাঠিয়ে দেওয়া হত।” দীর্ঘদিন ধরেই রেশনের আটার গুণমান নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছিল। অনেকেই আটা না নিয়ে রেশন দোকান থেকে টাকা নিয়ে ফিরতেন। এই অসাধু কারবার বন্ধ করতেই সরাসরি গম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর।

কড়া হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

অশোক কীর্তনিয়া সাফ জানিয়েছেন, কেন্দ্রের পাঠানো উন্নত মানের গম যাতে কোনওভাবেই অসাধু উপায়ে বদলে না যায়, তার ওপর কড়া নজরদারি চালানো হবে। তিনি বলেন, “যদি কেউ গম বদলে নিম্নমানের শস্য দেওয়ার চেষ্টা করে, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের এই দায় নিতে হবে।”

পাল্টা তোপ প্রাক্তন মন্ত্রীর

বর্তমান খাদ্যমন্ত্রীর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন, “সবে তো দায়িত্ব নিয়েছেন, আরও কিছুদিন দেখুন। আমাদের সময় সিস্টেমের বাইরে গিয়ে কিছু হয়নি। চাল এবং আটা নিয়ম মেনেই দেওয়া হতো।” রথীনবাবুর দাবি, তাঁদের আমলে রেশনে কোনো দুর্নীতি হয়নি।

তবে নতুন সরকারের লক্ষ্য স্পষ্ট, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং সাধারণ মানুষকে স্বাস্থ্যকর খাদ্যদ্রব্য সরবরাহ করা। জুন মাস থেকে এই নতুন নিয়ম কার্যকর হলে রেশন দুর্নীতির কতখানি সুরাহা হয়, এখন নজর থাকবে সেদিকেই।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker