0%

সাশ্রয়ের পথে স্বয়ং প্রধানমন্ত্রী! নিজের সুরক্ষা বলয়ে বড়সড় কাটছাঁট করলেন মোদি

সবদিক নিউজ: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় এবার নিজেকে দিয়েই দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি), যেখানে দেখা যাচ্ছে দিল্লির রাস্তায় প্রধানমন্ত্রীর কনভয়ে মাত্র দুটি চারচাকা গাড়ি রয়েছে। সাধারণত যেখানে ১২ থেকে ১৫টি গাড়ির বহর থাকে, সেখানে এমন ছোট কনভয় দেখে জল্পনা ছড়িয়েছে যে, জ্বালানি বাঁচাতে প্রধানমন্ত্রী নিজেই নিজের সুরক্ষা বলয়ে কাটছাঁট করেছেন।

যদিও সরকারের পক্ষ থেকে এই ভিডিও নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে বুধবারই বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছিল যে, এসপিজি-কে প্রধানমন্ত্রীর কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার প্রোটোকল বজায় রেখেই এই নির্দেশ কার্যকর করার কাজ শুরু হয়েছে বলে খবর। এর পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে বৈদ্যুতিন গাড়ির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তবে এই পরিবর্তনের জন্য নতুন করে কোনো গাড়ি না কিনে বর্তমান সম্পদ ব্যবহারেরই নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির ওপর যে চাপ তৈরি হয়েছে, তা সামলাতে গত রবিবার দেশবাসীকে বেশ কিছু সংযমী পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। করোনা আবহের মতো বর্তমান সময়েও তিনি সাধারণ মানুষকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন। এছাড়া দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে আগামী এক বছর বিদেশ ভ্রমণ ও বিদেশে গিয়ে বিয়ের পরিকল্পনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সতর্কবার্তায় কেবল পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানোর কথাই নেই, বরং ভোজ্য তেলের ব্যবহার এবং সোনা কেনাও কমিয়ে আনার অনুরোধ জানিয়েছেন তিনি। দেশের বর্তমান আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের পাশাপাশি আমজনতাকেও যে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক পদক্ষেপ ও বার্তা সেই ইঙ্গিতই দিচ্ছে। এখন দেখার, প্রধানমন্ত্রীর এই কৃচ্ছ্রসাধন সাধারণ মানুষের দৈনন্দিন অভ্যাসে কতটা প্রভাব ফেলে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker