সোমবারই হতে পারে শুভেন্দুর মন্ত্রিসভার বাকিদের শপথগ্রহণ! রয়েছে প্রথম সরকারি বৈঠকেরও সম্ভাবনা

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের জন্য রাজ্যে সরকার গঠন করল বিজেপি (BJP)। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।শুভেন্দুর সঙ্গে প্রথম দফায় মন্ত্রী হিসেবেও শপথ গ্রহণ করেছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর মন্ত্রীসভার (Cabinet Ministers) বাকি মন্ত্রীরা কবে শপথ গ্রহণ করবেন সেই নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে।
কবে বিজেপির সম্পূর্ণ মন্ত্রীসভার (Cabinet Ministers) শপথ?
সূত্রের খবর, আগামী সোমবার অর্থাৎ ১১ মে দ্বিতীয় দফায় বাকি মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। সেই দিনই স্পষ্ট হয়ে যাবে কোন মন্ত্রীর হাতে কোন দফতরের দায়িত্ব যাচ্ছে। জানা গিয়েছে, লোক ভবনে রাজ্যপাল আরএন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এদিকে প্রশাসনিক কাজকর্মও দ্রুত শুরু করতে চাইছে নতুন সরকার। আগামী শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে যেতে পারেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। সেখানেই হতে পারে বিজেপি সরকারের প্রথম মন্ত্রী সভার বৈঠক। ইতিমধ্যেই বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নামফলক বসানো হয়েছে।
আগামী মঙ্গলবার রাজভবনে গিয়ে প্রোটেম স্পিকারকে শপথ করাবেন মুখ্যমন্ত্রী। নতুন স্পিকার হিসেবে তাপস রায়ের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এরপর বুধবার ও বৃহস্পতিবার নবনির্বাচিত বিজেপি বিধায়কদের শপথগ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবারের বিধানসভা নির্বাচনে ভোটের শতাংশের নিরিখেও এগিয়ে রয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি পেয়েছে ৪৫.৮৪ শতাংশ ভোট। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এসেছে ৪০.৮০ শতাংশ ভোট। সিপিএম পেয়েছে ৪.৪৫ শতাংশ এবং কংগ্রেসের ভোটের হার ২.৯৭ শতাংশ। নোটায় ভোট পড়েছে ০.৭৯ শতাংশ, আর অন্যান্য দল মিলিয়ে পেয়েছে ৪.২৬ শতাংশ ভোট।
আরও পড়ুন : কলকাতা পুলিশে বড় রদবদল! এক ঝটকায় বদলি ৯৩ অফিসার, কোথায় পাঠানো হচ্ছে?
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এখন নজর নতুন সরকারের কাজকর্মের দিকে। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক মহলেও কৌতূহল, বিজেপির এই নতুন সরকার আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কতটা বড় পরিবর্তন আনতে পারে।



