0%

মা সরস্বতীর ছবি ছিঁড়ে বিপাকে শিক্ষক! গ্রেফতারির পর সাসপেন্ড, চাকরি নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: স্কুলের পরীক্ষার খাতায় দেবী সরস্বতীর ছবি আঁকাকে কেন্দ্র করে মালদার (Malda) চাঁচলে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছে। এক পড়ুয়ার আঁকা সেই ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

ঠিক কী ঘটেছে মালদার (Malda) স্কুলে ?

ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে। অভিযোগ, বৃহস্পতিবার অঙ্কন ও কর্মশিক্ষার পরীক্ষায় সপ্তম শ্রেণির এক পড়ুয়া নিজের খাতায় মা সরস্বতীর ছবি এঁকেছিল। সেই ছবি দেখে ক্ষুব্ধ হন শিক্ষক মহম্মদ আফতাব উদ্দিন। ছাত্রের পরিবারের দাবি, শিক্ষক শুধু ছবিটি ছিঁড়েই দেননি, ওই পড়ুয়াকে পরীক্ষার ঘর থেকেও বের করে দিয়েছিলেন। এমনকী, স্কুলে দেবী সরস্বতীর ছবি আঁকা যাবে না বলেও তিনি জানিয়েছিলেন বলে অভিযোগ।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে ভিন্ন দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক। তাঁর বক্তব্য, “আসলে বাচ্চারা ডবল ডবল দেখিয়ে দিচ্ছিল। মার্কার পেন দিয়ে আমি সই করতে পারছিলাম না।” অন্যদিকে, ছাত্রের বাবা কমল রায় ঘটনার বিবরণ দিয়ে বলেন, “২৬ তারিখ আমার ছেলের আর্ট এডুকেশন পরীক্ষা ছিল। আর্ট করে নিয়ে গেছিল সরস্বতী ঠাকুর। মাস্টারমশাই মহম্মদ আফতাব উদ্দিন ওর ছবি ছিঁড়ে দেয়। বলে এই সব (মা সরস্বতীর) ছবি এই স্কুলে করা যাবে না। বলে ছেলেকে বের করে দেয়।”

আরও পড়ুন : মাধ্যমিকের নম্বর নিয়ে আর কোনও ভুল নয়! বড় সিদ্ধান্তের পথে পর্ষদ

ছেলের সঙ্গে এমন আচরণের অভিযোগ তুলে চাঁচল থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ আফতাব উদ্দিনকে গ্রেফতার করে। পাশাপাশি, স্কুলের তরফেও তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত শিক্ষক পদ থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। প্রধান শিক্ষক দেবব্রত ঘোষ জানিয়েছেন,”ই-মেলে মাস্টারমশাইয়ের একটা সাসপেনশন অর্ডার এসেছে। সেখানে জানানো হয়েছে উনি সাসপেন্ড হয়ে থাকবেন যতদিন না বোর্ড আবার কোনও অর্ডার করছেন, তার আগে অবধি তিনি সাসপেন্ড থাকবেন।”

এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিষয়টি হালকাভাবে দেখছে না সরকার। তাঁর বক্তব্য, “সাসপেন্ড করা হয়েছে, বিভাগীয় পদক্ষেপ করা হয়েছে। প্রয়োজন হলে প্রমাণ যদি হয়, চাকরিও যাবে। এখানে যদি সাম্প্রদায়িক অ্যাঙ্গেল আনার চেষ্টা করেন কেউ এবং এভাবে যদি মা সরস্বতীকে অপমান করেন, এটা ছাড়ব না। আমি এটা বরদাস্ত করব না।” এদিকে, গ্রেফতারের পর অভিযুক্ত শিক্ষককে চাঁচল মহকুমা আদালতে হাজির করানো হয়। মামলার শুনানি শেষে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। স্কুলের অভ্যন্তরে এক পড়ুয়ার আঁকা ছবি ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন আইনি ও বিভাগীয় তদন্তের পর্যায়ে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker