0%

হাঁটুর ব্যথায় নাজেহাল? এই খাবার গুলোই ১২টা বাজাচ্ছে!

হাঁটুর ব্যথা এখন শুধু বয়স্কদের সমস্যা নয়। তিরিশ পেরোনোর আগেই অনেকেই সিঁড়ি ভাঙতে হাঁফাচ্ছেন, চেয়ার থেকে উঠতে কষ্ট হচ্ছে। ওষুধ খাচ্ছেন, মালিশ করছেন, তবু আরাম মিলছে না? চিকিৎসকদের মতে, সমস্যা লুকিয়ে থাকতে পারে আপনার প্রতিদিনের খাবারের তালিকাতেই। কিছু সাধারণ খাবার শরীরে প্রদাহ বাড়ায়, আর সেই প্রদাহই জয়েন্টে ব্যথা ও ফোলাভাব ডেকে আনে।

গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিন প্রদাহ থাকলে হাঁটুর তরুণাস্থি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে যাঁদের বাত, গেঁটে বাত বা ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে খাবারের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক কোন পাঁচ খাবার আপনার হাঁটুর ব্যথা বাড়িয়ে দিতে পারে—

অতিরিক্ত রেড মিট
গরু, খাসি বা মাটনের মতো লাল মাংসে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। এই চর্বি শরীরে প্রদাহের মাত্রা বাড়াতে পারে। পাশাপাশি এতে এমন কিছু যৌগ থাকে যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়, ফলে জয়েন্টে ব্যথা ও ফোলাভাব দেখা দিতে পারে।

বেশি চিনি ও মিষ্টি খাবার
রসগোল্লা, কেক, মিষ্টি পানীয়- এসব মুহূর্তের আনন্দ দিলেও শরীরে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়। অতিরিক্ত চিনি শরীরে এমন রাসায়নিক তৈরি করে যা প্রদাহ বাড়ায়। দীর্ঘমেয়াদে এটি হাঁটুর ব্যথা বাড়াতে পারে।

ভাজাভুজি ও প্রক্রিয়াজাত খাবার
প্যাকেটজাত চিপস, ফাস্ট ফুড বা বারবার তেলে ভাজা খাবারে থাকে ক্ষতিকর চর্বি। এগুলো শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে প্রদাহের ঝুঁকি বাড়ায়। নিয়মিত খেলে জয়েন্টে অস্বস্তি ও শক্ত ভাব বাড়তে পারে।

অতিরিক্ত মদ্যপান
অতিরিক্ত মদ শরীরকে শুষ্ক করে এবং লিভারের উপর চাপ ফেলে। এর ফলে শরীরে প্রদাহের প্রবণতা বাড়ে। যারা নিয়মিত মদ্যপান করেন, তাঁদের মধ্যে জয়েন্টের ব্যথা বেশি দেখা যায় বলে বিভিন্ন স্বাস্থ্য সমীক্ষায় উল্লেখ রয়েছে।

অতিরিক্ত নুন যুক্ত খাবার
বেশি নুন শরীরে জল জমিয়ে রাখে। এতে জয়েন্টে ফোলাভাব বাড়তে পারে। পাশাপাশি অতিরিক্ত নুন হাড়ের স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলে।

তাহলে উপায়? চিকিৎসকদের পরামর্শ, প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি, ফল, বাদাম, ডাল এবং সামুদ্রিক মাছ রাখুন। পর্যাপ্ত জল পান করুন। ওজন নিয়ন্ত্রণে রাখলে হাঁটুর উপর চাপ কমে। নিয়মিত হালকা ব্যায়ামও উপকারী। ব্যথা যদি দীর্ঘদিন ধরে থাকে বা হঠাৎ বেড়ে যায়, অবশ্যই  চিকিৎসকের পরামর্শ নিন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker