0%

‘বোলারদের উপর দয়ামায়া দেখান’, ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ গাভাসকর

আধুনিক ক্রিকেট বোলারদের জন্য বড়ই নির্মম। ব্যাটারদের মারকাটারি মানসিকতা, অনুকূল নিয়ম, ছোট বাউন্ডারি, দুর্দান্ত সব ব্যাট। সব মিলিয়ে বোলারদের বাঁচার উপায় বিশেষ নেই। এবার এই পরিস্থিতির বদল চেয়ে সরব হলেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে তাঁর আর্জি, এবার অন্তত বোলারদের প্রতি একটু দয়ামায়া দেখানো উচিত।

এমনিতে সাম্প্রতিক অতীতে ক্রিকেটে যে সব নিয়ম তৈরি হয়েছে তার বেশিরভাগই ব্যাটারদের পক্ষে গিয়েছে। সুনীল গাভাসকর চাইছেন অন্তত ওয়াইড বাউন্সারের নিয়মটা একটু বদলে দেওয়া হোক। যাতে পেসাররা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। একটি সংবাদমাধ্যমে তিনি লিখেছেন, ‘ব্যাটারের মাথার সামান্য উপর দিয়ে বল গেলেই ওয়াইড বল হিসাবে ধরা হচ্ছে। এটা একজন ফাস্ট বোলারকে হাত পিছনে বেঁধে বল করতে বলার মতো।” গাভাসকরের দাবি, বাউন্সারের ক্ষেত্রে বোলারদের ছাড় দেওয়া উচিত।

লিটল মাস্টার বলছেন, এমনিতেই মাঠে জায়গা থাকলেও বাউন্ডারি ছোট রাখা হয়। আর এখন পিঞ্চ হিটারদের সময়। আগের মতো টেস্ট ব্যাটারদের সময় নয়। তাই গাভাসকরের দাবি, “ব্যাটারের মাথার সামান্য উপর দিয়ে বল গেলেই ওয়াইড ডাকা বন্ধ করতে হবে। ব্যাটারের স্বাভাবিক স্টান্স থেকে মাথার প্রায় এক ফুট উপর পর্যন্ত বল করার অনুমতি দেওয়া উচিত। যা ব্যাটের হাতলের সমান উচ্চতা। এতে ফাস্ট বোলাররা কিছুটা স্বস্তি পাবে।’ কিংবদন্তির সাফ কথা, ব্যাটারের যদি কোনও শটে বাধা না থাকে, তাহলে বোলারের এত বাধা কেন?

কেন সৌরভের (Sourav Ganguly) কাছে আর্জি জানাচ্ছেন গাভাসকর (Sunil Gavaskar)? তাঁর যুক্তি, সৌরভ আইসিসির ক্রিকেট কমিটির প্রধান। ওই কমিটিই ক্রিকেটের নিয়মকানুন ঠিক করে। গাভাসকর বলছেন, “একটা সময় সীমিত ওভারের ক্রিকেটে বাউন্সার পুরো বন্ধ ছিল। আমি ক্রিকেট কমিটির চেয়ারম্যান থাকাকালীন সেটা ফিরিয়ে আনি। আমি চাই সৌরভও তেমন কিছু করুক। এবার বোলারদের উপর একটু দয়ামায়া দেখান।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker