সপ্তাহের শুরুতেই প্যাচপ্যাচে প্যাচাপেচে বৃষ্টি! জেনে নিন কলকাতার পারদ নামবে কতটা?

AK Bangla 24×7 Digital: সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপকূলে অবস্থান করছে একটি নিম্নচাপ।
ওই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ওডিশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রবিবার সকাল সাড়ে ছ’টা থেকে সোমবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত শহরে ১.৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে সোমবার ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে।



