দুধ কেনার মতো করে এবার কেনা হবে ফসল! রাজ্যের কৃষকদের জন্য বিরাট ঘোষণা দিলীপের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের কৃষকদের জন্য বড় পরিকল্পনা করছে রাজ্য সরকার (Government of West Bengal)। কৃষকদের ফসল বিক্রি করার পদ্ধতিতে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে বলে জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার সিঙ্গুর থেকে এই ঘোষণা করেন তিনি।
রাজ্যের কৃষকদের সুখবর দিলেন দিলীপ | (Dilip Ghosh)
ফসল বিক্রি সংক্রান্ত সমস্যা নিয়ে অতীতে বহুবার সরব হয়েছেন কৃষকরা। তাঁদের অভিযোগ, মাঝে অনেকে ঢুকে পড়ায় তাঁরা সঠিক দাম পান না। এবার সেই অভিযোগ দূর করতে তৎপর রাজ্য। আজ এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মন্ত্রী।
আরও পড়ুনঃ অনুব্রতকে নিয়ে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের! স্বস্তি নাকি চাপ বাড়ল তৃণমূল নেতার?
এদিন সিঙ্গুরে সুফল বাংলা ও কৃষক বাজার পরিদর্শন করেন দিলীপ। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক অরূপ কুমার দাস। সিঙ্গুর কৃষক বাজারে সুফল বাংলার কাজকর্ম ঘুরে দেখার পাশাপাশি কথাবার্তা বলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু ঘোষণা করেন তিনি।
দিলীপ বলেন, “আমরা সরাসরি কৃষকদের থেকে ফসল কেনার চেষ্টা করি। নাহলে মাঝে অনেক লোক চলে আসে। সেই কারণে সুফল বাংলা ঢেলে সাজানো হবে। এটা আরও বিস্তারিত হবে। সেই সঙ্গেই ফড়ে-রাজও বন্ধ করা হবে।“
রাজ্যের মন্ত্রী জানান, বর্তমানে ফসল বিক্রি করতে কৃষি হাবে যেতে হয় কৃষকদের। প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার যেতে বেশ কষ্ট হয় তাঁদের। সেই কারণে এবার গ্রামে গ্রামে গাড়ি নিয়ে যাওয়া হবে। দুধ কেনার মতো করে এবার ফসল কেনা হবে।

এদিন কৃষকমান্ডি নিয়েও বড় ঘোষণা করেন দিলীপ। তিনি বলেন, বর্তমানে বহু কৃষকমান্ডি পড়ে রয়েছে। সেগুলি নিয়ে নিলাম করে নতুন করে শুরু করা হবে। এতে আরও অনেকে ব্যবসা করতে পারবেন।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব পাওয়ার পর থেকে একের পর এক উল্লেখযোগ্য ঘোষণা করেছেন দিলীপ। এবার সেই তালিকাতেই জুড়ল ফসল বিক্রি সংক্রান্ত ঘোষণা। রাজ্যের এই অভিনব উদ্যোগের ফলে বহু কৃষকের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।




