বৃষ্টি কমতেই কলকাতায় আর্দ্রতার দাপট, ৫ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা

AK Bangla 24×7 Digital: কলকাতায় বৃষ্টির দাপট কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শহরজুড়ে ভ্যাপসা গরম ও ঘামের অস্বস্তি রয়েছে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনও বৃষ্টি চলছে। উত্তরবঙ্গেও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। শহরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৭১ শতাংশ রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের এক-দু’টি জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে।
এই আট জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সংশ্লিষ্ট জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কয়েকটি এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর দিনাজপুরের এক-দু’টি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলার জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে।



