টানা তিনদিন ধরে বৃষ্টি, দেড় ঘণ্টা পরে টস, সেঞ্চুরি হাঁকানোর সুযোগ ফের হাতছাড়া বিরাটের?

ম্যাচের আগে দু’দিন টানা বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও তার অন্যথা হল না হ্যামিল্টনে। নির্ধারিত সময়ের পর দেড় ঘণ্টা কেটে গেলেও টস করানো সম্ভব হয়নি। অবশেষে দুই দলের অধিনায়ক শুভমান গিল এবং মিচেল স্যান্টনার যখন এলেন মাঠে, টিম লিস্ট আদানপ্রদানের সময়েও ফের নামল বৃষ্টি। শেষ পর্যন্ত মেঘলা আকাশ আর শনশনে হাওয়ার মধ্যে টস করলেন দুই অধিনায়ক। যদিও প্রশ্ন থেকে যাচ্ছে, ম্যাচটি আদৌ শেষ করানো যাবে? নাকি লাগাতার বৃষ্টিতে ভেস্তে যাবে ভারতের সিরিজ জয়ের সুযোগ?
নভেম্বরের এই সময়ে নিউজিল্যান্ডে সাধারণত খুব একটা বৃষ্টি হয় না। এবার পরিস্থিতি আলাদা। সেডন পার্কের কিউরেটর কার্ল জনসন বলছিলেন, গত কয়েক দিন ধরেই বেশ বৃষ্টি হয়েছে। যার ফলে পিচ প্রস্তুত করতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আগামী দু’দিন আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে চিন্তার যথেষ্ট কারণ থাকছে। ভালো উইকেট তৈরির সময়টাই পাওয়া যাচ্ছে না। পিচ কিউরেটর এবং হাওয়া অফিসের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে মঙ্গলবার দুপুর থেকে ঝেঁপে বৃষ্টি হ্যামিল্টনে। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে টস হল। ম্যাচও নামিয়ে আনা হল ৪০ ওভারের যুদ্ধে।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন গিল। জানিয়ে দিলেন, বৃষ্টির মধ্যে এইভাবে বসে অপেক্ষা করাটা অত্যন্ত বিরক্তিকর। ম্যাচের মধ্যে বৃষ্টি হলে মনসংযোগেও ব্যাঘাত ঘটে। অন্যদিকে স্যান্টনার জানাচ্ছেন, সম্প্রতি ওয়ানডেতে তিনশো রানটাও নিরাপদ নয়। কিন্তু চলতি সিরিজে ১৮৫টাই বেশ লড়াকু স্কোর। তাই প্রত্যেক দিনের জন্য আলাদা মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। এদিন ভারতীয় দলের প্রথম একাদশে কোনও বদল নেই, অর্থাৎ মহম্মদ সিরাজকে থাকতে হবে বেঞ্চেই। কিউয়ি শিবিরে অবশ্য একটি পরিবর্তন রয়েছে।
যেহেতু ওভার সংখ্যা কম, ফলে রান কম উঠবে এদিনের ম্যাচে। আবহাওয়াও সম্পূর্ণরূপে বোলার সহায়ক। ফলে মঙ্গলবার বিরাট কোহলির ব্যাট থেকে শতরান আসার সম্ভাবনা খুবই কম।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল (উইকেটরক্ষক), নমন ধীর, অংশুল কম্বোজ, আকিব নবি, গুর্নুর ব্রার, অর্শদীপ সিং
শেয়ার
লিংক



