0%

Iran Tensions : ‘যে কোনও উপায়ে ইরান ছাড়ুন’, বিক্ষোভের মাঝেই ভারতীয়দের জন্য নির্দেশিকা দিল্লির

তেহরান : নতুন করে উত্তপ্ত ইরান । ছাত্র বিক্ষোভের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ । ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন সেদেশের ছাত্ররা । এদিকে, ইরান ও আমেরিকার মধ্যে যে কোনও সময় যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে । এই পরিস্থিতিতে ফের বিজ্ঞপ্তি জারি করে ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করল তেহরানের দূতাবাস। একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দূতাবাসের তরফে । বিজ্ঞপ্তিতে, ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বরও চালু করেছে ভারতীয় দূতাবাস। উল্লেখ্য, এর আগে ১৪ জানুয়ারিও একটি সতর্কবার্তা জারি করেছিল ভারতীয় দূতাবাস । আবারও একবার সতর্ক করে দেওয়া হল ইরানে বসবাসকারী ভারতীয়দের।

সোমবার ভারতীয় দূতবাসের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে, “ভারতীয় নাগরিকরা অবিলম্বে যে কোনও উপায়ে ইরান ছাড়ুন। পরিবহনের যে কোনও মাধ্যমে, প্রয়োজনে কমার্শিয়াল ফ্লাইটে হলেও দ্রুত ইরান ছাড়াতে হবে।” ইরানে বসবাসকারী ভারতীয় ছাত্র, ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটক…প্রত্যেকের জন্যই নির্দেশিকা জারি করা হয়েছে।

ইরানে বসবাসকারী ভারতীয়দের তাদের ভ্রমণ এবং অভিবাসন সংক্রান্ত নথিপত্র যেমন পাসপোর্ট এবং পরিচয়পত্রও সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনও সাহায্যের জন্য তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ভারতীয় দূতাবাস জরুরি ভিত্তিতে হেল্পলাইন নম্বর জারি করেছে ।

হেল্পলাইন নম্বরগুলি হল

+989128109115, +989128109109, +989128109102, +989932179359

একটি ই-মেলও দেওয়া হয়েছে । প্রয়োজনে যে কোনও সাহায্যের জন্য cons.tehran@mea.gov.in-এ যোগাযোগ করতে বলা হয়েছে। ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

ইরান ছাত্র বিক্ষোভ

গত বছরের ডিসেম্বর থেকেই অশান্তিতে উত্তাল ইরান । আবারও নতুন করে অশান্তি ছড়াচ্ছে সেদেশে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ চলছে । এক মাস ধরে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলি খুলতেই শুরু হয়েছে বিক্ষোভ । রাস্তায় নেমেছেন ছাত্ররা । বিশ্ববিদ্যালয়গুলিতেও খামেনেইর বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্ররা। খামেনেইকে ‘খুনি শাসক’ বলেও সম্বোধন করতে দেখা গিয়েছে । বিক্ষোভের আগুন ক্রমশ ছড়াচ্ছে ।

ইরান-আমেরিকা

ইরান-আমেরিকার মধ্যে যে কোনও সময়ই যুদ্ধ লেগে যেতে পারে। আমেরিকার তরফে বারবার সেরকমই ইঙ্গিত মিলেছে বারবার । এরইমধ্যে পরমাণু নিয়ে বৃহস্পতিবার ফের ইরানের সঙ্গে বৈঠকে বসতে চলেছে আমেরিকা। সেই বৈঠকই ঠিক করবে, আগামীদিনে দুই দেশের মধ্যে কী পরিস্থিতি হতে চলেছে। আদৌ কি যুদ্ধ লাগবে ? ইরানের পারমাণবিক সমৃদ্ধি প্রোগ্রাম নিয়ে বারবার আপত্তি তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে কয়েকদিন আগেই একটি মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানের সুপ্রিম লিডারকে খুনের পরিকল্পনা করেছে ট্রাম্প। রিপোর্টে দাবি করা হয়েছে, যদি পরমাণু প্রোগ্রাম নিয়ে আমেরিকার কথা না মানে ইরান, তাহলে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই ও তাঁর ছেলে মোজতাবাকে খুন করা হতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker