What is the future of the Durga Puja at Kalyani ITI More

কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো থেকে সরল লুমিনাস ক্লাব। সাংবাদিক বৈঠক করে এ কথা জানানো হল। তা হলে কি বন্ধ হয়ে যাচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো? ৩৪ বছরেই ইতি! উত্তর না। জানানো হয়েছে প্রথম বছরগুলির মতোই কল্যাণী ব্যবসায়ী সমিতি ও কল্যাণীবাসী পুজো করবে। খুব তাড়াতাড়ি এবারের পুজোর থিম ও অন্যান্য বিষয় প্রকাশ্যে আনা হবে বলে জানানো হয়েছে।
জেলা তথা রাজ্যের দুর্গাপুজোর মানচিত্রে অন্যতম সেরা পুজো কল্যাণীর লুমিনাস ক্লাব ও কল্যাণী ব্যবসায়ী সমিতির পুজো। তবে এই পুজো কল্যাণী আইটিআই মোড়ের পুজো নামেই অধিক পরিচিত। সাম্প্রতিক বছরগুলিতে কলকাতার বড় পুজোগুলির সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছিল এই পুজো। বিশাল মণ্ডপ, অভিনব দুর্গা প্রতিমা। সোনার সাজ। সব কিছুই নজর কেড়েছিল দর্শনার্থীদের। প্রতিবছরই মাস ছয়েক আগে থেকেই পুজো নিয়ে তাঁদের পরিকল্পনা সামনে নিয়ে আসত পুজো কমিটি। কিন্তু এবার পুজোর আর কয়েকমাস বাকি থাকা সত্ত্বেও কিছুই জানা যাচ্ছিল না।
এবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল পুজো থেকে সরছে লুমিনাস ক্লাব। পুজো করবে ব্যবসায়ী সমিতি ও কল্যাণীবাসী। এক ক্লাব কর্তা বলেন, “এই পুজো প্রথমে শুরু করেছিল কল্যাণী ব্যবসায়ী সমিতি। পরে তাতে যোগ দেয় লুমিনাস ক্লাব। এবারে ৩৪ তম বর্ষের পুজো। এবারের পুজো থেকে সরছে ক্লাব। তবে পুজো হবে। কল্যাণীবাসী ও ব্যবসায়ী সমিতি পুজো করবে।”
এই দুর্গাপুজোয় বিগত বছরগুলিতে তৃণমূল নেতাদের সক্রিয় অংশগ্রহণ দেখা গিয়েছিল। ছিল পরোক্ষ রাজনৈতিক প্রভাবও। এবার কী হবে? উত্তরে ওই ক্লাবকর্তা জানান, “পুজোর সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। পুজো হবে পুজোর মতো। খুব তাড়াতাড়ি পুজোর পরিকল্পনা সামনে আনা হবে। আপনারা জানতে পারবেন।”
শেয়ার
লিংক



