অন্নপূর্ণার ৩ হাজার টাকা নিয়ে বড় পরামর্শ অগ্নিমিত্রা পালের, কী বললেন মন্ত্রী?

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অর্থ প্রদান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কী করবেন সেই পরিকল্পনায়ই দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।১লা জুলাই থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ৩ হাজার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার।
অন্নপূর্ণার (Annapurna Yojana) টাকা দিয়ে কাজ করার পরিকল্পনা অগ্নিমিত্রার
প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানান, খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার জন্য একটি পৃথক অনলাইন পোর্টাল চালু করা হবে। ওই ওয়েবসাইটে গ্রাম পঞ্চায়েত ও ব্লকভিত্তিক উপভোক্তাদের তালিকা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে। কোনও আবেদনকারীর নাম নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সেখানেই তা জানানো যাবে।
উল্লেখ্য, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁদের আবেদন ও প্রয়োজনীয় নথির যাচাই ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তাঁরাই প্রথম পর্যায়ে এই আর্থিক সহায়তা পাচ্ছেন। বাকি আবেদনগুলির যাচাইও দ্রুত শেষ করা হবে এবং যোগ্যদের নাম পর্যায়ক্রমে উপভোক্তার তালিকায় যুক্ত করা হবে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঠিক তেমনই কাজ হচ্ছে। ১ জুলাই থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এটা মহিলাদের জন্য সুরক্ষা। নিজের পায়ে দাঁড়ানোর পদক্ষেপ।”
এর পাশাপাশি পুরমন্ত্রী মহিলাদের এই অর্থ সঠিকভাবে কাজে লাগানোর পরামর্শ দিয়ে বলেন,”এই টাকা দিয়ে ছোটখাটো করে একটা ব্যবসা শুরু করুন। যাতে আমরা আরও কয়েকজন মহিলাকে কাজ দিতে পারি। ছোট থেকেই শুরু হোক না।”অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রকল্পের প্রথম পর্যায়ে গত ৩ জুন ২৭ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপর মোট ১ কোটি ৬০ লক্ষ আবেদনপত্র খতিয়ে দেখা হয়, যাতে শুধুমাত্র প্রকৃত যোগ্য ব্যক্তিরাই সরকারি সুবিধা পান। যাচাইয়ের সময় প্রায় ২৬ লক্ষ আবেদন বিভিন্ন কারণে বাতিল হয়েছে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ১ কোটি ৩০ লক্ষেরও বেশি আবেদনকারীকে যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন :আর কতদিন চলবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
তিনি আরও জানান, বুধবার প্রায় ১ কোটি ১০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছে। যাঁদের অ্যাকাউন্টে এখনও অর্থ জমা পড়েনি, তাঁদের ক্ষেত্রেও বিকেলের মধ্যে টাকা পৌঁছে যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক মহিলার হাতে নিয়মিত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার।



