Mahatma Gandhi statue covered with cloth in Katwa, Congress writes to CM Suvendu Adhikari

দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষে প্রতিষ্ঠা করা হয়েছিল জাতির জনক মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তি। কাটোয়া শহরের স্টেশনবাজার চৌরাস্তাতেই রয়েছে এই মূর্তি। সেই মূর্তির মুখই ঢাকা পড়ল কালো কাপড়ে! জড়ানো হল নোংরা কাপড়। বুধবার সকালে ব্যস্ততম রাস্তায় এমনই ছবি ধরা পড়তে নিন্দায় সরব হন নাগরিক সমাজ। মহাত্মা গান্ধীর মূর্তির অবমাননার এই ছবি সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপরেই ঘটনার তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ইতিমধ্যে যদিও ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ।
স্থানীয়দের ধারণা রাতের অন্ধকারে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনা চোখে পড়তেই স্থানীয়দের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য কাটোয়া শহরের মধ্যে ব্যস্ততম এলাকা স্টেশন বাজার। স্টেশন বাজার চৌরাস্তার মোড়ে রয়েছে মহাত্মা গান্ধীর এই পূর্ণাবয়ব মূর্তি। ১৯৯৮ সালে দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষে কাটোয়া পুরসভার উদ্যোগে এই মূর্তির প্রতিষ্ঠা করা হয়েছিল। তখন থেকেই মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী এবং বছরের অন্যান্য সময়ে মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়ে থাকে। মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের আদলে তৈরি এই মূর্তি। জানা যায়, এদিন সকালে স্থানীয়দের নজরে পড়ে ওই মূর্তির মুখ কালো কাপড়ে ঢেকে দিয়ে যাওয়া হয়েছে। মূর্তির হাতে ধরা লাঠিতে জড়িয়ে দিয়ে যাওয়া হয়েছে নোংরা কাপড়। স্থানীয়দের ধারণা রাতের অন্ধকারে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনা চোখে পড়তেই স্থানীয়দের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কাটোয়া পুরসভার কংগ্রেস কাউন্সিলর রঞ্জিত চট্টোপাধ্যায় বলেন, ”কংগ্রেস তো মহাত্মা গান্ধীকে সম্মান করেই, পাশাপাশি মহাত্মা গান্ধীর চশমা এখনও কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে ব্যবহার করছে। দেশের মানুষ তাঁকে জাতির জনক হিসাবে মানেন। সারা বিশ্বে মহাত্মা গান্ধী এখনও সমাদৃত। যদি কোনও মানসিক বিকারগ্রস্ত বা ভারসাম্যহীন ব্যক্তি এই কাজ করে চলে যায়, সেটা আলাদা বিষয়। তবে সুস্থ মস্তিষ্কের কেউ এই ঘটনা ঘটালে সেটা ভীষণ অন্যায়। পুলিশের উচিত ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া।” অন্যদিকে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শুভঙ্কর সরকারও ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি লিখছেন, ”এটি কেবল গান্ধীজীর প্রতি চরম অবমাননা নয়, অত্যন্ত মর্যাদাহানিকর। আন্তরিকভাবে বিশ্বাস করি, আপনিও এই ধরণের কাজকে কখনই সমর্থন করবেন না।” ফলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা।
জানা গিয়েছে, খবর পেয়েই সকালে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত, তা দেখা হচ্ছে।
শেয়ার
লিংক



