ইদের অনুষ্ঠান থেকে সনাতন ধর্মকে ‘গন্দা ধর্ম’, ‘নোংরা ধর্ম’ বলার অভিযোগ! মমতার বিরুদ্ধে দায়ের FIR

সবদিক নিউজ:হিন্দু ধর্ম সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন! ঘটনা ২০২৫ সালের। তখন বাংলার কুর্সিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বছর রেড রোডে ইদের অনুষ্ঠান মঞ্চ থেকে হিন্দু ধর্মকে ‘গন্দা ধর্ম’, ‘নোংরা ধর্ম’ বলার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বছর ঘুরেছে, বাংলায় পালাবদল হয়েছে ক্ষমতারও। এবার সেই ‘উস্কানিমূলক মন্তব্যের’ জেরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর (FIR)।
ঠিক কী বলেছিলেন মমতা (Mamata Banerjee)? কী অভিযোগ
রেড রোডে ইদের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘একটা গন্দা ধর্ম যেটা এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম আমি মানি না।’ সেই সময় এই নিয়ে রাজনৈতিক বিতর্ক কম হয়নি। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতাকে চূড়ান্ত আক্রমণ করেছিলেন।
গর্জে উঠেছিলেন শুভেন্দু
সোশ্যাল মিডিয়ায় মমতার বক্তব্য পোস্ট করে শুভেন্দু প্রশ্ন তুলেছিলেন, ‘কোন ধর্ম নোংরা মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি একটা বক্তব্য রেখেছেন যে আপনি নোংরা ধর্ম পালন করেন না। কোন ধর্মকে নির্দিষ্ট করে আপনি এটা বললেন? সনাতন হিন্দু ধর্ম?’ ‘গন্দা ধর্ম’ মন্তব্যের জন্য মমতা ক্ষমা না চাইলে, হিন্দু অঞ্চলে তৃণমূলের নিষিদ্ধ হওয়ার কথাও সেই সময় বলেছিলেন শুভেন্দু। এবার প্রায় এক বছর পর সেই ইস্যুতে জল গড়াল বহুদূর।

লিখিত অভিযোগ মমতার বিরুদ্ধে
জানা যাচ্ছে, হিন্দুধর্ম ও সনাতন ধর্মকে ‘গন্দা ধৰ্ম’ বলার অভিযোগ তুলে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রিংকু চ্যাটার্জী সিং নামে এক আইনজীবী। তার অভিযোগ, মমতা বন্দোপাধ্যায়ের এই মন্তব্য হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করেছে।

আরও পড়ুন: ফের ময়দানে তৃণমূলনেত্রী! পুরভোটের আগে মেয়র-কাউন্সিলরদের কালীঘাটে তলব মমতার
অভিযোগে আরও বলা হয়েছে, সনাতন ধর্মকে “গন্দা ধর্ম” বলে অপমান করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য আঘাত করেছে কোটি কোটি হিন্দুর ভাবাবেগে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েই থানার দ্বারস্থ অভিযোগকারিনী আইনজীবী। প্রাপ্ত তথ্য বলছে, শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় BNS-এর ৩৫১(১), ৩৫২ এবং ৩৫৩(২) ধারায় ২৫ মে মামলাটি রুজু হয়েছে। এবার এই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে কী পদক্ষেপ হয় সেটাই দেখার।




