0%

জাতীয় দলে ম্যাকলারেনের সতীর্থ, মিগুয়েলের বদলি হিসেবে ইস্টবেঙ্গলে সই অজি মিডফিল্ডারের

জাতীয় দলে জেমি ম্যাকলারেনের সঙ্গে মাঠ কাঁপিয়েছেন। আবার ক্লাব পর্যায়ে কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের সঙ্গে একদলে ছিলেন। এবার সেই ক্রিস ইকোনোমিডিস খেলবেন লাল-হলুদ জার্সিতে। দু’বছরের চুক্তিতে অজি মিডফিল্ডারকে সই করাল ইস্টবেঙ্গল (East Bengal)। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে ছাড়াও উইঙ্গার হিসেবেও খেলতে পারেন ৩১ বছর বয়সি ক্রিস।

ডুরান্ডে প্রথম ম্যাচে ডার্বিতে হেরেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে দানি রামিরেজ ও মহম্মদ রশিদ খেলেছেন। দ্রুত কলকাতায় চলে আসবেন নাইজেরীয় স্ট্রাইকার সুঙ্গুসি এফিয়োং ও ডিফেন্ডার নাচো মনসালভে। ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস। এবার সেই দলে নাম লেখালেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা ক্রিস ইকোনোমিডিস।

ইটালির বিখ্যাত ক্লাব আটালান্টা ও লাজিওর যুব দলে কেরিয়ার শুরু। ক্রিস ২০১৫-১৮ সাল পর্যন্ত লাজিও দলে ছিলেন। তবে সেই সময় কোনও ম্যাচ খেলেননি। তখন লাজিওতে ছিলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার মিরোস্লাভ ক্লোজে। এরপর পার্থ গ্লোরি, মেলবোর্ন ভিক্টরিতে খেলেছেন ক্রিস। গত দুই মরশুম অস্ট্রেলিয়ারই ক্লাব ম্যাকআর্থার এফসি’তে ছিলেন। ২৭ ম্যাচে ৩টি গোল করেছেন। ডানপায়ের প্লেয়ার, উইং ও অ্যাটাকিং মিডে খেলতে পারেন। অর্থাৎ ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যাওয়া মিগুয়েল ফিগুয়েরার বদলি হিসেবে দেখা হচ্ছে তাঁকে। 

২০১৫ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলে সুযোগ পান। তখন ‘সকারুস’দের কোচ ছিলেন বর্তমান রোনাল্ডোর ক্লাব আল নাসরের কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলু। তখনও ক্লাব পর্যায়ে কোনও ম্যাচই খেলেননি ক্রিস। অস্ট্রেলিয়ার হয়ে ২০২১ পর্যন্ত ১৪ ম্যাচে ২ গোল করেছেন। অজি দলে তাঁর সতীর্থ ছিলেন মোহনবাগানের গোলমেশিন জেমি ম্যাকলারেন। ২০১৯ সালে এএফসি এশিয়ান কাপে দু’জনে একসঙ্গে খেলেছেন। পরপর দুই ম্যাচে ম্যাকলারেন ও ক্রিস গোল করেছিলেন। এবার আইএসএলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নামবেন দুই অজি তারকা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker