‘তারক মেহতা’ পরিবারে শোক, প্রয়াত পর্দার দয়াবেনের বাবা ভীম ভাকানি

৮৪ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ভীম ভাকানি, যিনি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’-খ্যাত অভিনেত্রী দিশা ভাকানির বাবা। তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ্যে আসেনি, তবে এই খবর ছড়িয়ে পড়তেই পরিবার, অনুরাগী এবং টেলিভিশন ও নাট্যজগতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ভীম ভাকানি তাঁর প্রতিভা এবং নিষ্ঠার মাধ্যমে এক বিশেষ স্থান করে নিয়েছিলেন শিল্পমহলে।
গুজরাটি নাট্যজগতের এক সম্মানিত নাম ছিলেন ভীম ভাকানি। মঞ্চে তাঁর দৃঢ় উপস্থিতি এবং অভিনয়ের গভীরতা দর্শকদের মুগ্ধ করত। কয়েক দশকের অভিনয় জীবনে তিনি অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন, যা আজও নাট্যপ্রেমীদের মনে অমলিন। তাঁর কাজ শুধু বিনোদনই দেয়নি, বরং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থেকেছে।
Rahul Banerjee Death: ‘দার্জিলিং মেল ধাক্কা মেরেছিল’, পালিয়েছিল টেকনিশিয়ানরা! রাহুলের মৃত্যুর পর ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন রোহণ
টেলিভিশন দর্শকরাও তাঁকে চিনতেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে মাভজি চেদার চরিত্রে। এই চরিত্রটি ছিল দয়াবেনের শ্বশুর চম্পকলাল গদার ঘনিষ্ঠ বন্ধু, যা দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। পাশাপাশি তিনি বড় পর্দাতেও কাজ করেছেন। আমির খান অভিনীত ‘লাগান: ওয়ান্স আপন এ টাইম ইন ইন্ডিয়া’, শাহরুখ খান অভিনীত ‘স্বদেশ’ এবং ‘লজ্জা’ ছবিতেও তাঁর উপস্থিতি নজর কেড়েছিল।
Rahul Banerjee Death: হাতে কাজ নেই, তাও রাহুলের জন্য বড় সিদ্ধান্ত রেশমির, তিনিও ছাড়লেন ধারাবাহিক?
ব্যক্তিগত জীবনে তাঁর কন্যা দিশা ভাকানি ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ। থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু করে ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ধারাবাহিকে দয়াবেন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। তাঁর স্বতন্ত্র সংলাপ বলার ভঙ্গি, কণ্ঠস্বরের ওঠানামা এবং গরবা নাচের স্টাইল দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।
ভীম ভাকানির প্রয়াণে এক সমৃদ্ধ শৈল্পিক অধ্যায়ের অবসান ঘটল। তবে তাঁর অবদান এবং স্মৃতি শিল্পজগতে চিরকাল অমর হয়ে থাকবে।



