দুই ভাগে আসছে ‘রামায়ণ’, রাম চরিত্রে বাজিমাত করবেন রণবীর কাপুর!

রামায়ণ পার্ট ১-এর (Ramayana) প্রথম প্রচারঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুরকে দেখা যাবে তা নিয়ে কৌতূহল তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁর লুক ও অভিনয় নিয়ে নানা প্রতিক্রিয়া সামনে আসছে। চলচ্চিত্র মহলেও এই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন অরুণ গোভিল, যিনি রামায়ণ সিরিয়ালে রামের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি বলেন, রণবীর একজন দক্ষ ও পরিশ্রমী অভিনেতা এবং ব্যক্তিগতভাবে তিনি তাঁকে অত্যন্ত সংস্কারী ও ভদ্র ছেলে হিসেবে দেখেছেন। তাই তাঁর বিশ্বাস, এই চরিত্রে রণবীর নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। উল্লেখ্য, অরুণ গোভিল এই ছবিতে রাজা দশরথের ভূমিকায় অভিনয় করছেন।
অন্যদিকে, নির্মাতা রামানন্দ সাগরের পুত্র মোতি সাগরও ছবিটি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর মতে, শুধুমাত্র টিজার দেখে ছবিকে বিচার করা ঠিক নয়। তিনি রণবীরের অভিনয় দক্ষতার প্রশংসা করে জানান, সম্পূর্ণ ছবি দেখার পরই চূড়ান্ত মতামত দেওয়া উচিত।
আরও পড়ুন: মৃত্যুর পর বেশি প্রশংসা? ইরফানের সব কাজ ভালো ছিল না! অভিনেতাকে নিয়ে মুখ খুললেন পিয়ূষ
সিরিয়াল ও সিনেমার তুলনা প্রসঙ্গে তিনি বলেন, টিভির রামায়ণ ছিল ৭৮ পর্বের দীর্ঘ সিরিজ, যেখানে বিস্তারিতভাবে কাহিনি তুলে ধরা সম্ভব হয়েছিল। কিন্তু ছবির সময়সীমা মাত্র তিন থেকে চার ঘণ্টা হওয়ায় উপস্থাপনায় স্বাভাবিকভাবেই পার্থক্য থাকবে।
আরও পড়ুন: অশালীনতার অভিযোগে ঝড়, নোরাকে তলব করল জাতীয় মহিলা কমিশন
এদিকে পরিচালক নিতেশ তিওয়ারি জানিয়েছেন, ছবির একটি আবেগঘন দৃশ্য তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ যেখানে রাম বনবাসে যাচ্ছেন এবং গোটা অযোধ্যা তাঁকে বিদায় জানাতে ভেঙে পড়ছে। এই দৃশ্যটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেই তাঁর আশা।
দুই ভাগে মুক্তি পেতে চলেছে রামায়ণ। প্রথম অংশ মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ এবং দ্বিতীয় অংশ মুক্তি পাবে ২০২৭-এর দীপাবলিতে।
আরও পড়ুন: ‘রাহুল আমাদের এক করে দিয়ে গেল’, ১৫ এবং ৩০ দিনের মধ্যে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি স্বরূপের



