প্রাইমারি টিচারের বাড়িতে ৪ কোটির সোনা! সব্যসাচী ‘ঘনিষ্ঠ’ টিনার আসল পরিচয় জানেন?

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) ঘিরে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ অর্থ ও সোনা উদ্ধারের ঘটনার পর এবার তদন্তের কেন্দ্রে উঠে এসেছে বিধাননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের নাম। তদন্তকারীদের দাবি, তাঁর এবং তাঁর ঘনিষ্ঠ মহলের বিভিন্ন জায়গা থেকে বিপুল মূল্যের সোনা উদ্ধার হয়েছে।
কে সব্যসাচীর (Sabyasachi Dutta)এই ‘বান্ধবী’ টিনা ?
সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বিধাননগরে আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো ওনারও বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দলনেতা আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা ২০২১ সালের পরে কেনা। রশিদ পাওয়া গিয়েছে ৷”
ইতিমধ্যেই তোলাবাজি ও ভয় দেখিয়ে প্রভাব খাটানোর অভিযোগে গত ৮ জুন সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে তদন্তকারীদের। সেই সূত্র ধরেই একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। কয়েকদিন আগে রাজারহাটে সব্যসাচী দত্তের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৮৭ গ্রাম সোনা উদ্ধার করে। পাশাপাশি বিপুল পরিমাণ সোনা কেনাবেচার নথি ও রসিদও হাতে আসে।
ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত একাধিক তথ্যও তদন্তকারীদের নজরে আসে। পরে তাঁর একটি ব্যাঙ্ক লকার খুলে প্রায় ৩ কেজি সোনা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। আরও একটি লকার থেকে প্রায় ১ কেজি ৩০০ গ্রাম রুপো মিলেছে বলে জানা গিয়েছে, যার মূল্য কয়েক লক্ষ টাকা। তদন্ত এগোতে থাকায় নজর যায় টিনা ভৌমিক সাহার দিকে। নদিয়ার তেহট্টে তাঁর দুটি বাড়িতে সোমবার গভীর রাতে তল্লাশি চালায় পুলিশ।
তদন্তকারীদের দাবি, ওই দুই বাড়ি থেকে মোট ৩ কেজি সোনা উদ্ধার হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও এত বিপুল সম্পদের উৎস খতিয়ে দেখার দাবি তুলেছেন। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন টিনা ভৌমিক সাহা। তাঁর বক্তব্য, “পরিবারের ৭ মহিলা সদস্যের সোনা এক জায়গায় করে সিজার করেছেন। আইনত তথ্য প্রমাণ আছে। ট্যাক্স ফাইলে তোলা আছে। সংবিধান মেনে সোনা রেখেছি। ওনারা কীভাবে বলতে পারেন। রাত আড়াইটে-তিনটে নাগাদ এসব করেছেন ওনারা ৷”

আরও পড়ুন : বিদেশ যেতে চেয়েই আদালতে ধাক্কা! অভিষেকের আবেদন খারিজ, কী বলল হাই কোর্ট?
উল্লেখ্য, টিনা ভৌমিক সাহা শুধু সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত নন, তিনি নিজেও তৃণমূলের সক্রিয় নেত্রী। ২০১৮ সাল থেকে নদিয়া জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাও। তবে তাঁর চাকরি প্রাপ্তি নিয়েও অতীতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে বলে জানা যায়। এই ঘটনায় উদ্ধার হওয়া সোনা ও অন্যান্য সম্পদের উৎস কী, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।




