0%

ভাঙা হবে মমতার নকশা করা ‘বিদঘুটে’ মূর্তি! যুবভারতীতে দাঁড়িয়ে ঘোষণা ক্রীড়ামন্ত্রী নিশীথের

সবদিক নিউজ: ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপের সময় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর সময় স্টেডিয়ামের বাইরে তৈরি করা হয়েছিল একটি বিশালাকার মূর্তি। পা থেকে কোমর পর্যন্ত থাকা সেই মূর্তির ওপর বসানো ছিল তৎকালীন সরকারের ‘বিশ্ববাংলা’ লোগো। স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নকশা করা এই মূর্তি নিয়ে শুরু থেকেই ক্রীড়ামহলে বিতর্কের শেষ ছিল না। এবার রাজ্যে ক্ষমতা বদল হতেই সেই ‘অর্থহীন’ ও বিতর্কিত মূর্তিটি গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।

“মূর্তি বসানোর পর থেকেই ওদের পতন শুরু!”

রবিবার যুবভারতী স্টেডিয়ামে আইএসএল (ISL)-এর হাই-ভোল্টেজ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি ম্যাচ দেখতে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই মূর্তির দিকে ইশারা করে তিনি তীব্র কটাক্ষের সুরে বলেন, “এরকম অদ্ভূত, বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা তার ওপর ফুটবল! আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন আসা শুরু হয়ে গিয়েছে। তারপর মেসি কাণ্ড হল, শেষমেশ সরকারটাই চলে গেল।” তিনি স্পষ্ট জানান, এই অর্থহীন কাঠামো সরিয়ে সেখানে ভারতের কোনও কিংবদন্তি ফুটবলারের মূর্তি বসানো হবে।

খেলার ময়দানে পরিবারতন্ত্র খতমের ডাক

নিশীথ প্রামাণিক এদিন স্পষ্ট করে দেন যে, নতুন বিজেপি সরকারের আমলে বাংলার ক্রীড়াক্ষেত্রে কোনও রকম রাজনৈতিক হস্তক্ষেপ বা স্বজনপোষণ বরদাস্ত করা হবে না। তিনি বলেন, “খেলার ময়দান এবং খেলোয়াড়দের রাজনীতি মুক্ত করতে হবে। একই সঙ্গে ক্রীড়া জগতের বিভিন্ন ফেডারেশনগুলোকে নেপোটিজম ও পরিবারতন্ত্র মুক্ত করাই আমাদের নতুন সরকারের মূল লক্ষ্য।”

মেসি কাণ্ডে সাধারণ দর্শকদের টাকা ফেরতের নির্দেশ

এদিন কলকাতায় লিওনেল মেসির প্রস্তাবিত ম্যাচ বাতিল হওয়া এবং টিকিট কেলেঙ্কারি নিয়েও সুর চড়ান মন্ত্রী। তিনি জানান, যে সমস্ত সাধারণ ফুটবলপ্রেমী নিজেদের কষ্টের টাকা দিয়ে টিকিট কেটেও শেষ পর্যন্ত মেসিকে দেখতে পাননি, তাঁদের সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে। নিশীথ বলেন, “আমরা সংশ্লিষ্ট সংস্থাকে কড়া নির্দেশ দিয়েছি, দর্শকদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। যদি তারা এই নির্দেশ অমান্য করে, তবে নতুন সরকার অত্যন্ত কঠোর আইনি পদক্ষেপ করবে।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker