মুসলিম পুরুষদের সামনে ‘শালীন’ পোশাক পরুন, কথা বলবেন না! ব্রিটেনে মহিলা পুলিশকর্মীদের একগুচ্ছ নির্দেশিকা

মুসলিম পুরুষদের সামনে শালীন পোশক পরতে হবে। প্রয়োজন না পড়লে তাঁদের সঙ্গে কথা বলা যাবে না! বিট্রেনে মহিলা পুলিশকর্মীদের জন্য বিশেষ আচরণবিধির সুপারিশ করল সে দেশের পুলিশ প্রধানদের সংগঠন। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। তবে জানা যাচ্ছে, মহিলা ছাড়াও পুরুষ পুলিশকর্মীদের আচরণবিধি নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।
সম্প্রতি ব্রিটেনের ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল (এনপিসিসি) প্রকাশিত ‘ন্যাশনাল ফেইথ টুলকিট’-এ পুলিশকর্তাদের একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছে। মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, তা স্পষ্ট করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, বিপরীত লিঙ্গের মুসলিম ব্যক্তিদের সঙ্গে কথোপকথনের সময় ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীল বিষয়গুলি মাথায় রাখতে হবে। এমনকী শারীরিক স্পর্শের ক্ষেত্রেও এগুলি বিবেচ্য। কিছু ক্ষেত্রে আবার মহিলা পুলিশকর্মীদের পরিবর্তে পুরুষ পুলিশকর্মীদের দায়িত্ব দেওয়া যেতে পারে বলেও পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, নির্দেশিকায় আরও বলা হয়েছে, মসজিদ কিংবা মুসলিম সম্প্রদায়ভুক্তদের বাড়িতে প্রবেশের সময় জুতো খুলতে হবে, তাদের সঙ্গে শান্ত ও শ্রদ্ধাপূর্ণ আচরণ করতে হবে, পুলিশ কুকুর নিয়ে প্রবেশ করা যাবে না। পাশাপাশি, লিঙ্গ-সংবেদনশীল বিষয়গুলিও মাথায় রাখতে হবে। কোনও মুসলিম ব্যক্তির মৃত্যু এবং ময়নাতদন্তের ক্ষেত্রেও বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কোনও মুসলিম মহিলার ময়নাতদন্ত যদি একজন পুরুষ মেডিক্যাল পরীক্ষক (ফরেনসিক বিশেষজ্ঞ) করেন, তাহলে মৃতার পরিবারের কোনও পুরুষ সদস্যকে সেখানে উপস্থিত থাকার অনুমতি দেওয়া উচিত।
এহেন নির্দেশিকা ঘিরে ব্রিটেনের রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধীরা। তাদের বক্তব্য, অভিবাসীদের তোষণ করা হচ্ছে। এই সুপারিশগুলির সমালোচনা করেছেন উগ্র-ডানপন্থী দল ‘রিফর্ম ইউকে’-এর নেতা নাইজেল ফারাজ। তাঁর অভিযোগ, এর মাধ্যমে আইনের চোখে সবার সমান অধিকারের বিষয়টি ক্ষুণ্ণ হচ্ছে। সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে ফারাজ বলেন, “এটি অত্যন্ত আপত্তিকর এবং দ্বি-স্তরবিশিষ্ট পুলিশি ব্যবস্থার প্রমাণ।”
শেয়ার
লিংক



