‘১ মাস সময় দিচ্ছি…’! এবার মমতাকে ডেডলাইন বেঁধে দিলেন মদন, কীসের জন্য?

বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাইয়ের ঠিক আগে শিবির বদল করেছেন মদন মিত্র (Madan Mitra)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূলে যোগ দিয়েছেন কামারহাটির বিধায়ক। এরপর থেকে একের পর এক তোপ দেগে যাচ্ছেন প্রবীণ নেতা। এবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে কার্যত ডেডলাইন বেঁধে দিলেন তিনি।
মমতাকে ডেডলাইন মদনের | (Madan Mitra)
এবারের ২১ জুলাইয়ে তৃণমূলের তরফে দু’টি আলাদা কর্মসূচি আয়োজিত হয়েছে। বিড়লা তারামণ্ডলের সামনে সভা করেছেন মমতারা, অন্যদিকে মেয়ো রোডে সমাবেশ করেন ঋতব্রতরা। এদিন নতুন তৃণমূলের শহিদ সমাবেশ কর্মসূচি থেকেই মমতাকে ডেডলাইন বেঁধে দেন মদন।
আরও পড়ুনঃ মহিলাদের ফ্রি বাস স্কিমে নতুন আপডেট! পিঙ্ক কার্ড নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিনের বক্তব্যের শুরুতেই মমতাকে কোটি কোটি সেলাম জানান কামারহাটির বিধায়ক। তিনি বলেন, “আজকের এই ব্যানারের জন্য আমি যাকে সবার আগে কোটি কোটি সেলাম জানাই, তিনি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আপনি যদি না থাকতেন, তাহলে তৃণমূল কংগ্রেস আজ এই চেহারা পেত না।“
মদন বলেন, “আপনি যদি হেঁটে আসেন, আপনার পায়ের তলায় আমাদের উত্তরীয় পেতে দেব। শুধু এসে বলুন, পুত্রস্নেহে অন্ধ ছিলাম। শুধু একবার বলুন।“
এরপর মমতাকে কার্যত ডেডলাইন বেঁধে দিয়ে তৃণমূল বিধায়ক বলেন, “খোলাখুলি শুনুন। অন্য কাউকে নয়, আমি মমতাকে বলছি, অভিষেক এক ঘণ্টা সময় দিয়েছে। আপনাকে এক মাস টাইম দিচ্ছি। অভিষেকের হাত ছেড়ে দিয়ে এই ছেলেদের হাত ধরুন। এটা আপনার দল, অভিষেকের নয়।“

গত শনিবার দলত্যাগীদের উদ্দেশে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেন, “আমায় নিয়ে কারও অসুবিধা থাকলে চ্যালেঞ্জ করছি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসুন। আমি ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দিয়ে দেব। ওপেন চ্যালেঞ্জ করছি।“
এরপর সময়সীমা ১ ঘণ্টায় কমিয়ে এনে অভিষেক জানান, দলত্যাগীরা ফিরলে ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেবেন। একইসঙ্গে বলেন, “মিলিয়ে নেবেন, কেউ আসবে না।“ এবার অভিষেকের ডেডলাইনের পাল্টা মমতাকে ডেডলাইন বেঁধে দিলেন মদন।




