0%

কেন নেওয়া হচ্ছে পারিবারিক তথ্য? অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

সবদিক নিউজ: গত বুধবারই রাজ্যজুড়ে বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’-র অফিশিয়াল ফর্ম এবং ওয়েবসাইটের নাম প্রকাশ করেছে নতুন সরকার। আর তার ঠিক পরদিনই, অর্থাৎ বৃহস্পতিবার এই স্বপ্নের প্রকল্প নিয়ে রাজ্যের মা-বোনেদের জন্য একগুচ্ছ বড়সড় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনলাইন পোর্টালের পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে সম্পূর্ণ অফলাইন মাধ্যমেও এই প্রকল্পের ফর্ম বিলি করা হবে। ৩ জুন নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে এই জনমুখী প্রকল্পের সূচনা হতে চলেছে।

কোথায় মিলবে ফর্ম? বাড়ি বাড়ি যাবেন পুরকর্মীরা

মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, অন্নপূর্ণা যোজনার ফর্ম পেতে সাধারণ মানুষকে কোনও হয়রানির শিকার হতে হবে না। ব্লক স্তরে বিডি (BDO) অফিস, জেলা স্তরে ডিএম (DM) অফিস ছাড়াও সমস্ত পুরসভা এবং ওয়ার্ড অফিস থেকে বিনামূল্যে এই ফর্ম সংগ্রহ করা যাবে। শুধু তাই নয়, পুরসভার কর্মীরা সশরীরে বাড়ি বাড়ি গিয়েও মা-বোনেদের হাতে এই ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম সঠিকভাবে পূরণ করে নিকটবর্তী যেকোনও সরকারি কার্যালয় বা নির্দিষ্ট ক্যাম্পে জমা দেওয়া যাবে। তবে তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই, কারণ ফর্ম জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে এবং রাজ্যজুড়ে বিশেষ ক্যাম্পও করা হবে।

“১৫ বছর ধরে পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে”, বিস্ফোরক মন্ত্রী

এদিন আগের সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “বিগত ১৫ বছরে বহু পুরুষ এবং অভারতীয়রাও জালিয়াতি করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়েছে। ওই প্রকল্প তো পুরুষদের জন্য ছিল না! সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে এতদিন ধরে এই অনিয়ম দেখেও না দেখার ভান করা হয়েছিল। আমরা চাই, যার সত্যিই এই সরকারি সাহায্য পাওয়া উচিত, তিনিই যেন সুবিধা পান।”

তিনি আরও যোগ করেন, “ভবিষ্যতের কথা ভেবেই আমরা এবার একবারে সব তথ্য বা ডেটা দেখে নিতে চাইছি। তাই মা-বোনেদের অনুরোধ করব, ফর্মে কেউ কোনও অসত্য তথ্য লিখবেন না। ভুল তথ্য দিলে যাচাই প্রক্রিয়ার সময় আপনারা চিহ্নিত হয়ে যাবেন।”

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

কারা এই টাকা পাবেন আর কারা বাদ যাবেন, তা নিয়েও সমস্ত ধোঁয়াশা কেটে দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী। তিনি জানান, যাঁরা নিয়মিত বড় অঙ্কের আয়কর বা ট্যাক্স দেন, তাঁদের এই সুবিধা পাওয়া উচিত নয়। তবে যাঁরা আইটি রিটার্ন (IT File) ফাইল করেন অথচ কোনও ট্যাক্স দিতে হয় না, তাঁরা অবশ্যই আবেদন করতে পারবেন।

দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের নারী, যাঁদের কোনও ইনকাম ট্যাক্স ফাইল নেই, তাঁরা প্রত্যেকেই এই সুবিধা পাবেন। তবে যাঁরা ভারতের বৈধ নাগরিক নন, তাঁরা এই প্রকল্পের সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত হবেন। তবে বিশেষ ক্ষেত্রে যাঁরা সিএএ (CAA) বা নাগরিকত্ব আইনের অধীনে কিংবা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, তাঁরাও অন্নপূর্ণা যোজনার আওতাভুক্ত হবেন বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker